হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কে গরুর গাড়ি আটকে ডাকাতির ঘটনা ঘটেছে। খবর পেয়ে অভিযান চালিয়ে চার ডাকাতকে গ্রেফতার ও ৩৯টি গরু উদ্ধার করেছে পুলিশ। বুধবার (০২ অক্টোবর) দুপুরে নবীগঞ্জ থানায় মামলা দায়েরের পর গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
এ ঘটনায় ভুক্তভোগী গরু ব্যবসায়ী তাড়াইল উপজেলার সেকেন্দরনগর গ্রামের মো. এনায়েতুল করিম বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত তিন জনকে আসামি করে নবীগঞ্জ থানায় মামলা করেন। গ্রেফতারকৃতরা হলেন মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর ব্রাহ্মণ গ্রামের মৃত আজমান আলীর ছেলে সৈয়দুর রহমান (৩০), সিলেটের ওসমানীনগর উপজেলার সৈয়দপুর গ্রামের জফির মিয়ার ছেলে সামছুদ্দিন (২৯), নবীগঞ্জ উপজেলার পারকুল বনগাঁও গ্রামের নুরুল মিয়ার ছেলে উজ্জ্বল হোসেন (২১) এবং একই গ্রামের ইসলাম উদ্দিনের ছেলে রেফু মিয়া (২৪)।
পুলিশ জানায়, এনায়েতুল ব্যাপারী দীর্ঘদিন ধরে বিভিন্ন বাজার থেকে গরু কিনে ময়মনসিংহ, নেত্রকোনা ও কিশোরগঞ্জসহ বিভিন্ন স্থানে বিক্রি করে আসছেন। মঙ্গলবার রাতে জৈন্তাপুর উপজেলার জৈন্তাপুর বাজার থেকে ১৬ লাখ পাঁচ হাজার টাকা মূল্যের ৩৯টি গরু কিনেছেন তিনি। পরে গরু নিয়ে ট্রাকযোগে তাড়াইলে রওনা হন। ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের মডেলবাজার এলাকায় একদল ডাকাত একটি মাইক্রোবাস ও দুটি মোটরসাইকেল দিয়ে গরুবোঝাই ট্রাকের গতিরোধ করে। সেইসঙ্গে ট্রাকচালকসহ এনায়েতুলকে জিম্মি করে ট্রাক থেকে নামিয়ে দেয়। তার কাছে থাকা নগদ দুই লাখ ৫০ হাজার টাকা ও ৩৯টি গরু নিয়ে চলে যায় ডাকাতরা। খবর পেয়ে নবীগঞ্জ উপজেলার গোপলার বাজার এলাকায় ডাকাত দলের চার সদস্যকে আটক করে পুলিশ। তাদের দেওয়া তথ্যমতে, শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে ট্রাকসহ ৩৯ গরু উদ্ধার করা হয়। এ ঘটনায় গরু ব্যবসায়ী মামলা করেন। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে তাদের কারাগারে পাঠানো হয়।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত আছে।