কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি এবং খাদ্য নিরাপত্তা জোরদারকরণ প্রকল্পের আওতায় মৌলভীবাজারে শুরু হয়েছে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা। রবিবার (২৪ নভেম্বর) দুপুরে সদর উপজেলা মাঠে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন। পরে জেলা প্রশাসকসহ অতিথিরা মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন।
এ সময় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক সামসুদ্দিন আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন চৌধুরী, কৃষি সম্প্রসারণ অধিদফতরের অতিরিক্ত উপপরিচালক নিলুফার ইয়াসমিন মোনালিসা সুইটি, প্রশিক্ষণ কর্মকর্তা মো. জালাল উদ্দিন সরকার ও সদর উপজেলা কৃষি কর্মকর্তা নাগিব মাহফুজ।
পরে সদর উপজেলা অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কৃষি সম্প্রসারণ অধিদফতর ও জেলা প্রশাসনের যৌথ আয়োজনে অনুষ্ঠিত মেলায় ৩২টি স্টল স্থান পেয়েছে। তিন দিনব্যাপী এই মেলা প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৫টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।