সুনামগঞ্জে আকরাম হোসেন (১৫) নামে ব্যাটারিচালিত ইজিবাইকের চালক এক কিশোরকে কুপিয়ে হত্যা করা হয়েছে। শনিবার রাতে জামালগঞ্জ উপজেলার ফেনারবাক ইউনিয়নের উররাবিল এলাকায় তাকে কুপিয়ে ধানক্ষেতে ফেলে যায় দুর্বৃত্তরা। রবিবার সকালে হাসপাতালে মৃত্যু হয়।
আকরাম হোসেন দিরাই উপজেলার সরমঙ্গল ইউনিয়নের ধনপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে। রফিকুল পরিবার নিয়ে দুই বছর ধরে সুনামগঞ্জ পৌর শহরের মোহাম্মদপুর এলাকায় বসবাস করতেন। বাবা ও ছেলে দুজনই শহরে ইজিবাইক চালাতেন।
আকরামের চাচাতো ভাই রায়হান মিয়া (২০) বলেন, শনিবার বিকালে আকরাম ইজিবাইক নিয়ে শহরে বের হয়। রাত ১টার দিকে জামালগঞ্জ থানা পুলিশ ফোনে জানায়, আকরামকে কে বা কারা কুপিয়েছে। তার অবস্থা গুরুতর। পরে পুলিশই একটি অ্যাম্বুলেন্সে করে সুনামগঞ্জ পাঠায়। রাত ৩টার দিকে সুনামগঞ্জ থেকে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। রবিবার সকালে সেখানে মৃত্যু হয়।
রায়হান মিয়া বলেন, আমরা বুঝতে পারছি না সে রাতে এত দূরে কীভাবে গেলো। যারা মেরেছে, তারা গাড়ি, টাকাপয়সা নেয়নি। শুধু মোবাইলটা পাওয়া যাচ্ছে না।
জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ ম কামাল হোসেন বলেন, শনিবার রাতে স্থানীয় লোকজন খবর দিলে পুলিশ গিয়ে সড়কের পাশের ধানক্ষেত থেকে আকরাম হোসেনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা হয়। পরে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে পাঠানো হয়। ইজিবাইকটিও ধানক্ষেতে ছিল। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।