সিলেটে হাম আক্রান্ত হয়ে চার মাসের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (০৬ এপ্রিল) দুপুরে এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। হামে সিলেটে এটি প্রথম মৃত্যু।
মারা যাওয়া শিশুর নাম সৈয়দ নূরে আলম শামীমের বাড়ি সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায়। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট স্বাস্থ্য বিভাগের সহকারী পরিচালক ডা. মোহাম্মদ নূরে আলম শামীম।
তিনি বলেন, ‘দুদিন আগে হাম ও হৃদযন্ত্রের জটিলতা নিয়ে শিশুটিকে ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে পিআইসিউতে রাখা হয়। আজ দুপুর ১টায় ওসমানী হাসপাতালের পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিটে (পিআইসিইউ) তার মৃত্যু হয়।’
এদিকে, সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় নতুন করে ছয় জনের হাম শনাক্ত হয়েছে। একই সময়ে ৪৪ জন সন্দেহজনক রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। সবমিলিয়ে বিভাগের বিভিন্ন হাসপাতালে মোট ১০১ জন সন্দেহভাজন রোগী চিকিৎসাধীন আছেন। এর মধ্যে সর্বোচ্চ ৬২ জন সিলেটের শহীদ শামসুদ্দীন আহমদ হাসপাতালে ভর্তি আছেন। বিভাগে এ পর্যন্ত ৩৭ জনের হাম শনাক্ত হয়েছে। তাদের চিকিৎসা চলছে।’
ওসমানী হাসপাতালে হাম রোগীদের জন্য আলাদা আইসোলেশন ইউনিট চালু করা হয়েছে। সোমবার থেকে ১০ শয্যার এই ইউনিট চালু করা হয়।