সিলেটে হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেট বিভাগে হাম ও উপসর্গে ৯৫ জনের মৃত্যু হলো। এর মধ্যে ৯৪ জন শিশু ও একজন প্রাপ্ত বয়স্ক। সিলেট স্বাস্থ্য বিভাগের মঙ্গলবারের (১৪ জুলাই) বুলেটিনে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য বিভাগের দেওয়া তথ্য অনুযায়ী, মৃত দুই শিশুর মধ্যে একজন সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার দীন ইসলামের ৪ মাস বয়সী ছেলে আম্মান। সে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। অন্যজন সিলেটের গোয়াইনঘাট উপজেলার রাউতগ্রামের আখলাছুর রহমানের ৭ মাস বয়সী মেয়ে নাফি। সে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।
এদিকে, গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত) সিলেট অঞ্চলের হাসপাতালগুলোতে হামের উপসর্গ বা সন্দেহজনক লক্ষণ নিয়ে নতুন করে ভর্তি হয়েছে ৫৪ রোগী। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ২৯ ও ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ২৫ জন ভর্তি হয়েছেন।
তাদের নিয়ে বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে সর্বমোট ২৫৩ জন সন্দেহজনক হামের রোগী চিকিৎসাধীন। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১১৭, ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ৭০, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ২৯, রাগীব রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ১২, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ৮, নর্থ ইস্ট হাসপাতালে ৫, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ৩, গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩, মাউন্ট এডোরা হাসপাতালে ২, সিলেট লায়ন্স হাসপাতালে ২ ও বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন চিকিৎসাধীন আছে।