আমরা গোলাপগঞ্জে যাবো, দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের: নাহিদ ইসলাম 

সরকার যদি সন্ত্রাসের পথে হাঁটে তাহলে জনগণ প্রতিরোধের পথে হাঁটবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। 

বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকালে সিলেটের গোলাপগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলার ঘটনায় তিনি সাংবাদিকদের এ কথা বলেন। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) জাতীয় ছাত্রশক্তির বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে ‘অগ্নিঝরা জুলাই: রক্তের ঋণ ও আগামীর বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, ‌‘সন্ত্রাস মোকাবিলায় শুধু ১১ দল নয়, আমরা বাংলাদেশের আপামর ছাত্র-জনতাসহ সকল গণতান্ত্রিক রাজনৈতিক সামাজিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি। কারণ গতকাল হবিগঞ্জ থেকে আজকে গোলাপগঞ্জ আমরা যা দেখছি যে সন্ত্রাসীদের অভয়ারণ্যে দেশকে আবারও নিয়ে যাওয়া হচ্ছে এবং সরকারের সন্ত্রাসী চরিত্র জাতির সামনে উন্মুক্ত হচ্ছে। সরকার যদি সন্ত্রাসের পথে হাঁটে, তাহলে জনগণ প্রতিরোধের পথে হাঁটবে।’

তিনি বলেন, ‘আমরা গোলাপগঞ্জে যাবো এখন, আমরা দাঁড়াবো, দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের। তারা কতটুকু প্রতিরোধ আমাদের করতে পারে করবে। কিন্তু গণভোটের গণরায় সংস্কার বিচারের পক্ষে আমরা, জনগণের অধিকারের পক্ষে আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে।’ 

এর আগে বেলা আড়াইটার দিকে সিলেটের গোলাপগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলার ঘটনা ঘটে।উপজেলার চৌমুহনীস্থ পৌরসভার গেটের সামনের রাস্তায় এ হামলা হয়। এতে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের গাড়ির গ্লাস ভেঙে গেছে। হামলার জন্য ছাত্রদলকে দায়ী করেছেন সারজিস। 

এনসিপির গাড়িবহরে হামলার বিষয়ে সিলেট জেলার পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক বলেন, ‘রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছিল। পাশ থেকে কেউ ঢিল মারছে। এতে সারজিস আলমের গাড়ির গ্লাস ভেঙেছে। গাড়ি বহরে হামলা—বিষয়টা এ রকম না। কেউ আহত হয়েছে বলে আমার কাছে কোনও তথ্য নেই।’

এর আগে গত মঙ্গলবার (২৮ জুলাই) সন্ধ্যায় হবিগঞ্জে এনসিপির জুলাই পদযাত্রা কর্মসূচি শেষে গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। এতে এনসিপির বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন এবং একাধিক গাড়ি ক্ষতিগ্রস্ত হয়।