রাষ্ট্রপতি হিসেবে প্রথমবারের মতো সিলেট এসে পৌঁছেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টা ২৭ মিনিটে বিমানযোগে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।
বিমানবন্দরে রাষ্ট্রপতিকে স্বাগত জানান, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, সিলেট জেলা বিএনপির সভাপতি ও সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সাধারণ সম্পাদক ও এমপি এমরান আহমদ চৌধুরী, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুনসহ রাজনৈতিক নেতৃবৃন্দ ও প্রশাসনের উচ্চ পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।
রাষ্ট্রপতির সিলেট সফর উপলক্ষে বিমানবন্দর এলাকায় নেওয়া হয়েছে নিরাপত্তাব্যবস্থা। বিমানবন্দরে পৌঁছানোর পর মোটরকেডযোগে তিনি সিলেট সার্কিট হাউসের উদ্দেশে রওনা হন।
সফরসূচি অনুযায়ী, বেলা ১১টা ৫০ মিনিটে সার্কিট হাউসে পৌঁছানোর পর রাষ্ট্রপতি গার্ড অব অনার গ্রহণ করবেন।
এরপর দুপুর ১২টা ২০ মিনিটে সার্কিট হাউস থেকে হজরত শাহজালাল (রহ.)–এর মাজার জিয়ারতের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে তার।
সিলেট সফরে রাষ্ট্রপতির আরও কয়েকটি কর্মসূচি রয়েছে। হজরত শাহজালাল (রহ.)–এর মাজার জিয়ারতের পর হজরত শাহপরান (রহ.)–এর মাজার জিয়ারত করবেন তিনি। পরে সার্কিট হাউসে ফিরে সাময়িক বিশ্রাম নেওয়ার কথা রয়েছে।
বিকালে সিলেট সিটি করপোরেশন আয়োজিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেবেন রাষ্ট্রপতি। সংবর্ধনা শেষে আবার সার্কিট হাউসে ফিরবেন তিনি।
সফরসূচি অনুযায়ী, সন্ধ্যায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন রাষ্ট্রপতি। রাত সাড়ে ৯টার দিকে তার বঙ্গভবনে পৌঁছানোর কথা রয়েছে।
রাষ্ট্রপতির সিলেট সফর উপলক্ষে প্রশাসনের পক্ষ থেকে সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে।