রক্ষা পেলো না মসজিদের বাক্সও, চুরি হয়ে গেলো টাকা

মৌলভীবাজারের কমলগঞ্জে এক রাতে সাতটি দোকানে চুরির ঘটনা ঘটেছে। এ সময় দুটি মসজিদের দানবাক্সের টাকাও চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। সোমবার (২৬ অক্টোবর) রাতে উপজেলার মাধবপুর ও সদর ইউনিয়নের বিভিন্ন এলাকায় এসব ঘটনা ঘটে। এর পর থেকে স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দাদের মধ্যে উদ্বেগ-আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাতে মাধবপুর ইউনিয়নের লংগুরপার গ্রামের সামসু মিয়া ও বাবুল মিয়ার দুটি দোকান, টিলাগাঁওয়ের ফরিদ মিয়ার দোকান এবং ভাসানীগাঁও এলাকার তালেব ও আব্দুল্লাহর দোকানসহ বিভিন্ন দোকানে চুরি হয়। এ ছাড়া সদর ইউনিয়নের লংগুরপার এলাকার হাবিব মিয়ার দোকানেও চুরির ঘটনা ঘটেছে।

একই রাতে দুর্বৃত্তরা মকবুল মিয়ার দোকানের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। তবে দোকানে কোনও মালামাল না পেয়ে তারা খালি হাতে ফিরে যায় বলে জানা গেছে। এ ছাড়া ভাসানীগাঁও ও দক্ষিণ লংগুরপার জামে মসজিদের দানবাক্স থেকে টাকাও চুরি করে নিয়ে যায় চোরেরা।

এর কয়েক দিন আগে মাধবপুর ইউনিয়নের ভাসানীগাঁও এলাকায় হাবিবুর রহমানের দোকানে চুরির ঘটনা ঘটে। ওই দোকান থেকে নগদ ৬১ হাজার টাকা, একটি বাটন মোবাইল ফোন ও একটি হাতঘড়ি চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা।

একের পর এক চুরির ঘটনায় স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দাদের মধ্যে ক্ষোভ বাড়ছে। তাদের অভিযোগ, আগের চুরির ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেফতার করা সম্ভব না হওয়ায় চোর চক্র আরও বেপরোয়া হয়ে উঠেছে। এতে ব্যবসা প্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানের নিরাপত্তা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।

এ বিষয়ে অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করে কমলগঞ্জ থানার এসআই আমির হোসেন বলেন, ঘটনাগুলো তদন্ত করে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।