জয় হত্যাচেষ্টায় শফিক রেহমানের জড়িত থাকার বিষয়টি প্রমাণিত: হানিফ

মাহবুব উল আলম হানিফপ্রধানমন্ত্রীর পুত্র ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে হত্যাচেষ্টার সঙ্গে বিএনপির কিছু নেতার জড়িত থাকার বিষয়টি তদন্তে বেরিয়ে এসেছে। এই তদন্তের ধারাবাহিকতায় শফিক রেহমানের জড়িত থাকার তথ্য পাওয়ায় তাকে গ্রেফতার করা হয়েছে। বুধবার মৌলভীবাজারে প্রয়াত সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসীন আলীর শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুবুল আলম হানিফ এসব কথা বলেন।
জেলা সদরের পৌর জনমিলন কেন্দ্রে সদর উপজেলা ও পৌর আওয়ামী লীগ এ শোকসভার আয়োজন করে।
এসময় হানিফ আরও বলেন, শফিক রেহমানের বাসায় এফবিআই এর ফাইল পাওয়া গেছে। এটার মধ্যদিয়ে প্রমাণ হয়েছে তিনি এই হত্যাচেষ্টার সঙ্গে জড়িত।
আওয়ামী লীগের কেন্দ্রীয় কাউন্সিল ও মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের কাউন্সিলের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, কেন্দ্রীয় কাউন্সিল আগামী ১০ ও ১১ জুলাই অনুষ্ঠিত হবে। কাউন্সিলররা সিদ্ধান্ত নেবেন নেতৃত্বে পরিবর্তন আসবে কিনা। তিনি বলেন, মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সম্মেলনের বিষয়ে স্থানীয় নেতাদের সঙ্গে আলোচনা হয়েছে। আমরা চেষ্টা করবো যত দ্রুত সম্ভব মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের কাউন্সিল সম্পন্ন করতে।

আরও পড়ুন: পঞ্চগড় সীমান্তে বিএসএফ’র গুলিতে বাংলাদেশি কৃষক আহত

মৌলভীবাজার সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাসুদ আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিছবাউদ্দিন সিরাজ, হুইপ মো. শাহাবউদ্দিন, মৌলভীবাজার সদর আসনের সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসীন, শফিকুর রহমান চৌধুরী এমপি, জেলা আওয়ামী লীগ সভাপতি উপাধ্যক্ষ আব্দুস শহীদ এমপি, জেলা পরিষদ প্রশাসক মো. আজিজুর রহমান, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নেছার আহমদ, জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি মো. ফিরোজ, কেন্দ্রীয় ছাত্রলীগ সাধারণ সম্পাদক জাকির হোসাইন প্রমুখ।

/টিএন/

আপ: এইচকে