যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরতেই মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সাবেক সংসদ সদস্য ও ঠিকানা গ্রুপের চেয়ারম্যান এম এম শাহীনের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা করা হয়েছে। ২০১৮ সালের ২৮ ডিসেম্বর কুলাউড়ায় বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ ও নাশকতার অভিযোগে এ মামলা করা হয়। মামলায় তাকে প্রধান আসামি করা হয়। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ৪০ থেকে ৫০ জনকে আসামি করা হয়েছে।
গত রবিবার (১৫ নভেম্বর) রাতে কুলাউড়া থানায় মামলাটি করেন উপজেলা বিএনপির সাবেক জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক মইনুল হক বকুল। বুধবার (১৮ নভেম্বর) সকালে মামলার বিষয়টি নিশ্চিত করেন কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. হাবিবুর রহমান। তিনি জানান, ২০১৮ সালের ২৮ ডিসেম্বরের একটি ঘটনায় বিস্ফোরক আইনে মামলা হয়েছে। মামলার প্রধান আসামি এম এম শাহীনকে গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে।
মামলার এজাহারে বাদী মইনুল হক বকুল অভিযোগ করেন, ২০১৮ সালের ওই ঘটনার পর তৎকালীন সরকারের প্রভাব খাটিয়ে ২০২৩ সালের ১ নভেম্বর তাকে এবং বিএনপির শতাধিক নেতাকর্মীকে গ্রেফতার ও হয়রানি করা হয়েছিল।
এদিকে, মামলার খবর প্রকাশ্যে আসার পর নিজের ফেসবুক অ্যাকাউন্টে প্রতিক্রিয়া জানিয়েছেন এম এম শাহীন। সেখানে তিনি লিখেছেন, ‘আমি স্তম্ভিত, হতবাক। আট বছর পর হঠাৎ আমাকে আসামি করে বিস্ফোরক আইনে মামলা। আমি সত্যিই বিস্মিত।’
শাহীনের স্বজনদের তথ্যমতে, গত ৯ নভেম্বর তিনি যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে আসেন। এরপর থেকে তাকে নিয়ে স্থানীয় রাজনৈতিক নেতারা ষড়যন্ত্র শুরু করেন। শেষ পর্যন্ত তাকে বিস্ফোরক মামলার আসামি করা হয়।
রাজনৈতিক অবস্থান নিয়ে আলোচনা, ছাত্রদলের বিক্ষোভ
এম এম শাহীন ১৯৯৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নে ধানের শীষ প্রতীকে নির্বাচন করে মৌলভীবাজার-২ আসন থেকে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন না পেয়ে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফুটবল প্রতীকে নির্বাচন করে তৎকালীন আওয়ামী লীগ প্রার্থী সুলতান মোহাম্মদ মনসুর আহমকে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হন। সংসদ সদস্য হওয়ার পর তিনি পুনরায় বিএনপিতে যোগদান করেন। ২০০৮ সালে পুনরায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে জাতীয় পার্টির নবাব আলী আব্বাস খানের কাছে পরাজিত হন।
২০১৮ সালের ১৫ নভেম্বর তিনি বিকল্পধারায় যোগদান করেন এবং ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিকল্পধারার হয়ে মহাজোটের প্রার্থী হিসেবে মৌলভীবাজার-২ আসন থেকে নৌকা প্রতীকে মনোনয়ন পান। ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিয়ে পরাজিত হন। বর্তমানে দেশে ফিরে তিনি নতুন করে রাজনীতিতে যুক্ত হওয়ার চেষ্টা করছেন বলে স্থানীয় রাজনৈতিক মহলে গুঞ্জন রয়েছে।
এদিকে, এম এম শাহীনকে দ্রুত গ্রেফতার এবং তাকে নতুন করে কোনও রাজনৈতিক দলে আশ্রয়-প্রশ্রয় না দেওয়ার হুঁশিয়ারি জানিয়ে বিক্ষোভ মিছিল এবং পথসভা করেছে কুলাউড়া উপজেলা ও পৌর ছাত্রদল।