সিলেট নগরের দাঁড়িয়াপাড়া এলাকায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবিরের বাসার প্রধান ফটকে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার (২০ নভেম্বর) ভোররাতে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটায়। তবে এতে কোনও ক্ষয়ক্ষতি হয়নি।
পুলিশ বলছে, সেখানে পেট্রল বোমা নিক্ষেপ করা হয়নি। পলিথিন পুড়িয়ে ফটকে আগুন দেওয়ার চেষ্টা করা হয়েছে।
শুক্রবার সকালে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, গলির শুরুতে প্রধান ফটক পেরিয়ে দুই থেকে তিনটি বাড়ির পর প্রতিমন্ত্রীর বাসা। ফটকের লোহার গ্রিলে পোড়া কালো দাগ রয়েছে। নিচে পড়ে আছে পোড়া পলিথিনের ছাই।
সিলেট মহানগর পুলিশের মিডিয়া বিভাগের দায়িত্বে থাকা উপকমিশনার (ডিসি-সিটিএসবি) আফজাল হোসেন বলেন, ভোররাতে কেউ পলিথিন দিয়ে প্রধান ফটকে আগুন দেওয়ার চেষ্টা করেছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। ফটকের নিচে কিছু ছাই পড়ে থাকতে দেখা গেছে।
তিনি আরও বলেন, ওই ফটকের ভেতরে আরও দুই বাড়ি পর প্রতিমন্ত্রীর বাসা। পাশেই পুলিশের একটি ফাঁড়ি রয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ওই এলাকায় পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে।