মৌলভীবাজারের রাজনগর উপজেলার খেয়াঘাট বাজারসংলগ্ন কুশিয়ারা নদীতে ফেরি চলাচল চালুর উদ্যোগে দেখা দিয়েছে অনিশ্চয়তা। নদীর দুই তীরে ফেরিঘাট নির্মাণের মূল কাজ প্রায় শেষ হলেও অস্বাভাবিকভাবে পানি কমে যাওয়ায় নতুন করে কারিগরি জটিলতা তৈরি হয়েছে। ফলে রাজনগর, সিলেটের বালাগঞ্জসহ আশপাশের কয়েক লাখ মানুষের দীর্ঘদিনের যাতায়াত দুর্ভোগ লাঘবের উদ্যোগটি থমকে গেছে।
সড়ক ও জনপথ (সওজ) বিভাগ সূত্রে জানা গেছে, প্রায় এক বছর আগে ৩ কোটি ৩৭ লাখ টাকা ব্যয়ে পৃথক দুটি দরপত্রের মাধ্যমে নদীর দুই পাড়ে ফেরিঘাট নির্মাণের কাজ শুরু হয়। সংশ্লিষ্ট দুটি ঠিকাদারি প্রতিষ্ঠান তাদের নির্ধারিত কাজ প্রায় শেষ করেছে। তবে বর্তমানে নদীর পানির স্তর স্বাভাবিকের তুলনায় অস্বাভাবিকভাবে নিচে নেমে গেছে। নদীর উপরিভাগ থেকে পানির স্তর প্রায় ৩০ থেকে ৪০ ফুট নিচে থাকায় আগের পরিকল্পনা অনুযায়ী ফেরি চলাচল শুরু করা সম্ভব হচ্ছে না।
স্থানীয়দের অভিযোগ, কুশিয়ারা নদীতে বর্ষা মৌসুমে পানি বৃদ্ধি এবং শুষ্ক মৌসুমে পানি কমে যাওয়া স্বাভাবিক ঘটনা। প্রকল্প পরিকল্পনার সময় বিষয়টি যথাযথভাবে বিবেচনায় না নেওয়ায় এখন এ জটিলতা তৈরি হয়েছে। এ ছাড়া ফেরিঘাট নির্মাণকাজের মান নিয়েও প্রশ্ন তুলেছেন তারা।
মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও ফতেপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জামি আহমদ বলেন, নির্ধারিত সময়ে ফেরি চালু করতে না পেরে এখন পানি কমে যাওয়ার অজুহাতে সময়ক্ষেপণ করা হচ্ছে। এ পরিস্থিতিতে প্রকল্পের অর্থ আত্মসাতের আশঙ্কাও প্রকাশ করেন তিনি।
এ বিষয়ে মৌলভীবাজার সওজের উপবিভাগীয় প্রকৌশলী আল আমীন জানান, নদীতে পানির স্তর অস্বাভাবিকভাবে নিচে নেমে যাওয়ায় ফেরি চলাচল শুরু করা যাচ্ছে না। বিশেষজ্ঞ দলের সার্ভে প্রতিবেদনের ভিত্তিতে নতুন করে দরপত্র আহ্বান করা হবে। এরপর নদীর তলদেশের প্রয়োজনীয় কাজ শেষ করে ফেরি চলাচল চালু করা হবে।