লেখকের গভীর জীবনবোধ, যাপিত জীবনের সংগ্রাম আর স্বকীয়তা জীবনে ঘটে যাওয়া সাধারণ ঘটনাকে অসাধারণ করে তোলে। অসাধারণ এই ঘটনাগুলোই গল্প হয়ে উঠে, পায় নতুন জীবন। কল্পনাপ্রসূত ঘটনাবলি প্রকাশভঙ্গীর মুন্সিয়ানায় হয়ে ওঠে গল্প। ঢাকা লিট ফেস্টের প্রথম দিনে বাংলা একাডেমির লনে নীল হুরেজাহানের সঞ্চালনায় জনপ্রিয় কথাসাহিত্যিক সাদাত হোসাইন এভাবেই বলছিলেন জীবনের গল্প কীভাবে গল্পের জীবন হয়ে ওঠে।
কল্পনার জগৎ যখন অসীম হয়, তার সাথে বাস্তব জীবনের অনুষঙ্গ সংযুক্ত হলেই তা সার্থক গল্প হয়ে ওঠে। লেখার প্রক্রিয়ার কথা বলতে গিয়ে তিনি জোর দেন লেখকের নিজস্ব ভাবনা, পর্যবেক্ষণ ও সংবেদনশীলতার ওপর। বৈশ্বিক প্রেক্ষাপটে বর্তমানে বাংলা সাহিত্য মানের দিক থেকে ভালো অবস্থানেই আছে বলে তিনি মত দেন। শিল্প সাহিত্যে কোনও নির্দিষ্ট মানের পেছনে ছোটার বদলে নান্দনিকতায় ধাপে ধাপে নিজেদের ছাড়িয়ে যাওয়ার উপর জোর দেন তিনি। বিদেশি ভাষার সাহিত্যের যথাযথ মান সম্পন্ন অনুবাদ সাম্প্রতিক সময়ে সেভাবে হচ্ছে না বলেও মত প্রকাশ করেন আলোচক।
আলোচনার এক পর্যায়ে দর্শকের প্রশ্নের জবাবে তিনি নিজের গল্প বলার ক্ষেত্রে কালজয়ী সাহিত্যের ধারা থেকে অনুপ্রাণিত হওয়ার বিষয়টি নিয়ে কথা বলেন। সাদাত হোসাইন বলেন, ‘আমাদের বইয়ের প্রচারের ক্ষেত্রে আরও মনোযোগী হতে হবে এবং নতুন নতুন ভাবনা নিয়ে কাজ করতে হবে। ইউরোপের বিভিন্ন দেশে লেখকরা বই প্রচারের জন্য নানান ধরনের পরিকল্পনা নিয়ে থাকেন।’