শিশুসাহিত্যে নতুন সংযোজন মারিয়া চৌধুরীর ‘নব ওপেন্স এ ডোর’

এবারের ঢাকা লিট ফেস্টে প্রকাশিত হতে যাচ্ছে বাংলাদেশি বংশোদ্ভূত বিশিষ্ট কথাসাহিত্যিক মারিয়া চৌধুরীর লেখা নতুন বই 'নব ওপেন্স এ ডোর’। শিশু-কিশোরদের জন্য লেখা বইটির আকর্ষণীয় সব ছবি এঁকেছেন ইস্তেলা ইমাম এবং বইটি যৌথভাবে প্রকাশ করছে ইগনাইট পাবলিকেশন্স ও ‘নব ঢাকা।’

‘বিলাভেড স্ট্রেঞ্জার’ বই দিয়ে গোটা দুনিয়ায় সাড়া ফেলে দেওয়া মারিয়া চৌধুরী, তার এ নতুন গল্প দিয়ে প্রবেশ করেছেন শিশুসাহিত্যের জগতে। হংকং বিশ্ববিদ্যালয়ের সৃজনশীল লেখালেখি বিষয়ক শিক্ষক মারিয়ার এ নতুন বইটির কাহিনী গড়ে উঠেছে ‘নব’ নামের একটা মেয়েকে নিয়ে। সে স্কুলের পহেলা বৈশাখের পার্টিতে যাওয়ার জন্য মায়ের সাদা ও লাল রঙয়ের একটা শাড়ি পছন্দ করে। কিন্তু তা পরতে গিয়ে দেখা দেয় বিপত্তি। কেননা মা অফিসের কাজে অন্য এক শহরে আছেন। আর নব এতোটুকু একটা মেয়ে। সে নিজে নিজে এতো বড় শাড়ি পরবে কীভাবে? তাই বাবার সাহায্য নিতে যায়। কিন্তু তার বাবাও তা ঠিক মতো পরিয়ে দিতে সক্ষম হয় না। তাহলে কি নব’র পার্টিতে যাওয়া হবে না? নতুন বছরের প্রথম দিনে আনন্দ করা হবে না স্কুলের বন্ধুদের সাথে? সে গভীর ভাবনায় পড়ে যায়। শেষে কোনও কূল-কিনারা খুঁজে না পেয়ে নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে দেয়। আর কী আশ্চর্য! তখনই তার মনে আসে নতুন আর অভিনব এক আইডিয়া। কী সে আইডিয়া? সে আইডিয়া অনুযায়ী পোশাক বানিয়ে তা পরে স্কুলের পার্টিতে যায়। বন্ধুদের সাথে আনন্দে পহেলা বৈশাখের পার্টি উদযাপন করে।

আধুনিক বিশ্বের সাথে তাল রেখে এগিয়ে যাওয়া কিন্তু পাশ্চাত্য ভাবধারায় প্রভাবিত শিশুরা কী করে নিজের ঐতিহ্যকে টিকিয়ে রাখতে পারে, তা লেখক মারিয়া চৌধুরী বেশ মুন্সিয়ানার সাথেই 'নব ওপেন্স এ ডোর ‘ গল্পে ফুটিয়ে তুলতে পেরেছেন। একসাথে তিনি দেখিয়ে দিলেন হার মেনে নেয়া যাবে না, ভালোবাসাটা হতে হবে তীব্র, সঙ্কল্পটা দৃঢ়। এ গল্পের বই সম্পর্কে প্রখ্যাত কথাসাহিত্যিক এবং ‘গুড নাইট, মিস্টার কিসিংজার’ বইয়ের লেখক কে. আনিস আহমেদ বলেন, “কীভাবে ঐতিহ্য বারবার নতুনভাবে টিকে থাকে তার একটি বিস্ময়কর এবং উদ্ভাবনী গল্প এটি। তার নায়ক ছোট্ট মেয়েটি সমবয়সীক পাঠকদের জন্য অনুপ্রেরণা হয়ে উঠবে। এ বইয়ে মারিয়া চৌধুরীর ছন্দময় গদ্য যথার্থ সুরে বেজে উঠেছে। তাই এ বই আমাদের শিশুসাহিত্যে একটি অসাধারণ নতুন সংযোজন।"