অনুমোদনবিহীন কোর্সে শিক্ষার্থী ভর্তি নিয়ে ইউজিসি’র হুঁশিয়ারি

ইউজিসিঅনুমোদন ছাড়া বিভিন্ন কোর্স অথবা প্রোগ্রামে ছাত্র-ছাত্রী ভর্তির ব্যাপারে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে হুঁশিয়ারি দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। সেই সঙ্গে এসব কোর্সে ভর্তির ব্যাপারে শিক্ষার্থীদেরও সতর্ক থাকতে বলেছে তারা। রবিবার (২৫ সেপ্টেম্বর) সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে এ হুঁশিয়ারি ও সতর্কতা জারি করে ইউজিসি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘দেশের কিছু কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয় অননুমোদিত কোর্স/প্রোগ্রামে শিক্ষার্থী ভর্তির অসত্য তথ্য দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করছে; যা বেসরকারি বিশ্ববিদ্যালয় আইনের সুস্পষ্ট লঙ্ঘণ। বিশ্ববিদ্যালয়গুলোকে এমন কাজ করা থেকে বিরত থাকতে সতর্ক করা হচ্ছে। অন্যথায় আইন অমান্যকারী বিশ্ববিদ্যালয়গুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশ্যে বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সব বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদিত কোর্স বা প্রোগ্রামের তালিকা ইউজিসির কাছে আছে। সঠিক তথ্য যাচাই করে তারপর ভর্তি হওয়ার জন্য শিক্ষার্থী ও অভিভাবকদের পরামর্শ দেওয়া হলো।’

ইউজিসির ওয়েবসাইটের (www.ugc.bd) মাধ্যমে অনুমোদিত কোর্স সম্পর্কে তথ্য নেওয়ার পরামর্শ দেয়া হয়েছে বিজ্ঞপ্তিতে।

/আরএআর/এআরএল/