এবার রাজধানীর পল্লবী এলাকার একটি বাসা থেকে সেলিনা আফরোজ (৫৫) নামে এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) রাতে তার মরদেহ উদ্ধার করা হয়। ওই নারীর স্বামী ও দুই সন্তান কানাডা প্রবাসী।
পল্লবী থানার পরিদর্শক (তদন্ত) মো. হানিফ জানান, খবর পেয়ে ওই নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন। তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
পুলিশ জানায়, পল্লবী থানার সেকশন-৬ এলাকার একটি ফ্ল্যাটে দীর্ঘদিন ধরে একাই বসবাস করতেন সেলিনা আফরোজ। বুধবার রাতে ওই ফ্ল্যাট থেকে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়।
গত ২৬ মে রাত আনুমানিক ১১টার দিকে ভুক্তভোগীর সঙ্গে সর্বশেষ মোবাইল ফোনে যোগাযোগ করেন তার ভাতিজা আশফাকুর রহমান। এরপর থেকে তার সঙ্গে আর কোনও যোগাযোগ হয়নি। এ কারণে পুলিশের ধারণা, ২৬ মে থেকে ৩ জুনের মধ্যে কোনও এক সময়ে তিনি মারা যান।
সেলিনা আফরোজ মৃত খলিলুর রহমান ও আফিয়া রহমানের মেয়ে। তিনি পৈতৃক সূত্রে পাওয়া ওই ফ্ল্যাটে তিনি একা থাকছিলেন।
পুলিশ জানিয়েছে, সেলিনা আফরোজের স্বামী মোবিনুল হক ও দুই সন্তান বর্তমানে কানাডায় বসবাস করেন। তিনিও একসময় পরিবারের সঙ্গে কানাডায় থাকতেন। তবে পারিবারিক বিরোধের জেরে প্রায় ১২ বছর আগে দেশে ফিরে এসে পল্লবীর ওই বাসায় একা বসবাস শুরু করেন।
উল্লেখ্য, সম্প্রতি পল্লবী এলাকার বাসা থেকে একজন নারীর গলিত লাশ উদ্ধার করে পুলিশ। তার চার ছেলে-মেয়ের মধ্যে একজন যুগ্মসচিব, একজন বুয়েটের শিক্ষক, একজন কানাডা প্রবাসী। আর স্কুলশিক্ষক মেয়ের বাসায় থাকতেন মা। যদিও মায়ের মৃত্যুর কয়েকদিন পরও তা বুঝতে পারেননি মেয়ে।









