ডাকসু নির্বাচনের জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে: ঢাবি ভিসি

ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির দায়িত্ব হস্তান্তর ডাকসুর নির্বাচন না হওয়ার ২৭ বছরের সংস্কৃতি থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) বেরিয়ে আসতে চায় বলে মন্তব্য করেছেন ঢাবির  উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। তিনি বলেন, ‘ডাকসু নির্বাচনের জন্য  সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপই নেওয়া হবে।’ বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি ক্যাফেটেরিয়ায় আয়োজিত ঢাবি সাংবাদিক সমিতি’র (ডুজা) এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ডুজার ২০১৭ সালের কার্যকরী পরিষদের দায়িত্ব হস্তান্তর উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ড. মো.আখতারুজ্জামান বলেন, ‘‘ডাকসু নির্বাচন করার জন্য যা যা করার প্রয়োজন তাই, তার সবই করা হবে। কিন্তু কেউ উসকানিতে পড়লে সব নষ্ট হয়ে যাবে। বিগত সময়ে নষ্ট হয়েছিল। বলা হয়, ‘অবিলম্বে ডাকসু নির্বাচন দে; নইলে গদি ছেড়ে দে।’ এটা কোনও পরিশীলিত ভাষা নয়। আমাদের এমন দৃষ্টিভঙ্গি পরিবর্তন করা উচিত।’’

সাতাশ বছরে নির্বাচন না হওয়ার পেছনে কী কারণ রয়েছে, তা বিশ্লেষণ করা হচ্ছে জানিয়ে ঢাবি ভিসি বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন রাজনীতি করতেন, তখন কেউ কেউ বলতেন, ভোটের বাক্সে লাথি মার, বাংলাদেশ মুক্ত কর। কিন্তু জাতির জনক ভোটের বাক্সে লাথি মারেননি। তিনি গণতান্ত্রিক রীতিনীতি অনুসরণ করে রাজনীতি করেছেন। আমরা এ ধরনের উসকানিমূলক বক্তব্যে পড়বো না।’ এ সময় তিনি বলেন, ‘সাতাশ বছরে যেটি হয়নি, তার পেছনে অনেক যৌক্তিক কারণ থাকতে পারে। আমরা এগুলো বিশ্লেষণ করছি।’  

অনুষ্ঠানে ‘সামাজিক মাধ্যম বনাম মূলধারার গণমাধ্যম’ শিরোনামে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক রুবায়েত ফেরদৌস। এতে আরও উপস্থিত ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক এএসএম মাকসুদ কামাল, বাসসের সিনিয়র রিপোর্টার খাইরুজ্জামান কামাল, ডুজার সাবেক সাধারণ সম্পাদক রেজানুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানে সমিতির সদ্য সাবেক সভাপতি ফরহাদ উদ্দিন ও সাধারণ সম্পাদক ফররুখ মাহমুদের কাছ থেকে দায়িত্ব গ্রহণ করেন নব নির্বাচিত সভাপতি আসিফ ত্বাসীন ও সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান নয়ন।