সংবাদের সত্যতা যাচাইয়ে ইউল্যাবে ‘ফ্যাক্ট ওয়াচ’ উদ্বোধন

সংবাদের সত্যতা যাচাইয়ে ইউল্যাবে ‘ফ্যাক্ট ওয়াচ’ উদ্বোধন (ছবি: সাজ্জাদ হোসেন)ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)-এর গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের উদ্যোগে বিশ্ববিদ্যালয়টিতে উদ্বোধন করা হয়েছে সংবাদের সত্যতা যাচাই এবং বস্তুনিষ্ঠতা খুঁজতে ‘ফ্যাক্ট ওয়াচ’ নামের এক কর্মসূচি। খবরের সত্যতা যাচাইয়ের জন্য দেশে বিশ্ববিদ্যালয়ভিত্তিক এটিই প্রথম কোনও উদ্যোগ। মঙ্গলবার (৫ মে) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়টির অডিটোরিয়ামে ‘ফ্যাক্ট-ওয়াচ’ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানটি আয়োজন করা হয়।

উল্লেখ্য, ২০১৭ সালের ১ নভেম্বর থেকে ফ্যাক্ট ওয়াচ টিম তাদের কাজ শুরু করেছে। ঢাকার আমেরিকান সেন্টার ১ বছরের জন্য এই কর্মসূচিতে আর্থিক সহায়তা দিয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইংরেজি পত্রিকা ঢাকা ট্রিবিউনের সম্পাদক জাফর সোবহান।

বক্তব্য রাখছেন ঢাকা ট্রিবিউনের সম্পাদক জাফর সোবহান (ছবি: সাজ্জাদ হোসেন)তিনি বলেন, ‘ক্রমাগত বিশ্বব্যাপী মিথ্যা-খবর ব্যাপকহারে প্রভাব বিস্তার করছে। মাঝে মাঝে খবর এমনভাবে উপস্থাপিত হয়, কোনটি সত্য কোনটি মিথ্যা তা বোঝার উপায় থাকে না। এটি বস্তুনিষ্ঠ সাংবাদিকতারও একটি বড় অন্তরায়। ফলে সত্য-মিথ্যা খবর যাচাইয়ের জন্য ইউল্যাবের সাংবাদিকতা বিভাগের এই উদ্যোগটি আসলেই প্রশংসনীয়। আশা করি তারা খুব ভালো কাজ করবে।’

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকায় অবস্থিত আমেরিকান অ্যাম্বাসির সংস্কৃতি বিষয়ক কর্মকর্তা মিস. জুলি নিকলেস। তিনি বলেন, ‘ইউল্যাবের এই কর্মসূচির সঙ্গে আমরা যুক্ত হতে পেরে ধন্য মনে করছি এবং ইউল্যাবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আশা করি ফ্যাক্ট ওয়াচ টিম খুব ভালো কাজ করবে।’

বক্তব্য রাখছেন আমেরিকান অ্যাম্বাসির সংস্কৃতি বিষয়ক কর্মকর্তা জুলি নিকলেস (ছবি: সাজ্জাদ হোসেন)এরপর ‘ফ্যাক্ট ওয়াচ’ কর্মসূচির অফিসিয়াল ওয়েবসাইটের (www.fact-watch.org) উদ্বোধন করেন ঢাকা ট্রিবিউনের সম্পাদক জাফর সোবহান। এ সময় বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রধান অধ্যাপক জুড ডব্লিউ. জেনিলো প্রধান অতিথি জাফর সোবহান এবং বিশেষ অতিথি মিস. জুলি নিকলেসের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, বিশ্ববিদ্যালয়টির বোর্ড অব ট্রাস্টিজের বিশেষ উপদেষ্টা অধ্যাপক এমরান রহমান, উপাচার্য অধ্যাপক এইচ. এম. জহিরুল হক। এছাড়া উপস্থিত ছিলেন ফ্যাক্ট-ওয়াচের উপদেষ্টা এবং বিশ্ববিদ্যালয়টির সাংবাদিকতা বিভাগের শিক্ষক সুমন রহমান, ফ্যাক্ট ওয়াচ টিমের অন্যান্য সদস্য এবং বিভাগের শিক্ষার্থীরা।