অবশেষে এমপিওভুক্ত হচ্ছেন বাদপড়া ৪৯৪ শিক্ষক



এমপিওভুক্তির-আদেশদীর্ঘদিন ধরে বঞ্চিত স্কুল ও কলেজের তথ্য প্রযুক্তি, বিজ্ঞান শিক্ষক, চারুকলা ও শ্রেণিশাখার বাদপড়া ৪৯৪ জন শিক্ষক নতুন করে এমপিওভুক্ত (মান্থলি মেমেন্ট অর্ডার) হচ্ছেন। মঙ্গলবার (৯ অক্টোবর) বিকালে এমপিওভুক্তির নির্দেশনা দিয়ে আদেশ জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব মো. কামরুল হাসান স্বাক্ষরিত আদেশে বলা হয়, ২০১১ সালের ১৩ নভেম্বর থেকে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল ও কলেজ)-এর জনবল কাঠামো ও এমপিও নীতিমালা জারি হওয়ার আগ-পর্যন্ত অতিরিক্ত শ্রেণিশাখা ও বিভাগ/বিষয় অনুমোদনের বিপরীতে বিধি মোতাবেক নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের এমপিওভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এই আদেশ জারির ফলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বাদপড়া শিক্ষকদের তালিকার বাইরে যদি কোনও শিক্ষক নির্দিষ্ট সময়ে বিধি মোতাবেক নিয়োগ পান, তাহলে তিনিও এমপিভুক্ত হতে পারবেন।

এরআগে, গত ১ আগস্টের রেজুলেশন অনুযায়ী বাদপড়া শিক্ষক ও শ্রেণিশাখার অতিরিক্ত শিক্ষকদের এমপিওভুক্তির আদেশ জারির সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী আদেশ জারির বিষয়টি প্রক্রিয়াধীন ছিল বলে মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট শাখা থেকে জানা গেছে।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, অতিরিক্ত শ্রেণি শাখা অনুমোদনের বিপরীতে নিয়োগ দেওয়া শিক্ষকদের ২০১১ সালের ১৩ নভেম্বর পরিপত্র জারি করে এমপিও বন্ধ করে দেয় শিক্ষা মন্ত্রণালয়। ওই পরিপত্রে বলা হয়েছিল, ‘এমপিও নির্দেশিকা-২০১০’-এ যাই থাকুক, পুনরায় আদেশ না দেওয়া পর্যন্ত বেসরকারি প্রতিষ্ঠানের অতিরিক্ত শ্রেণিশাখা বা বিভাগ খোলার ক্ষেত্রে ওইসব বিষয়ের বিপরীতে নিয়োগ দেওয়া শিক্ষকদের বেতন-ভাতা সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানকে বহন করতে হবে। সরকার এসব শিক্ষকদের বেতন-ভাতা বহন করবে না।

কিন্তু শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের বেতন ভাতার সরকারি অংশ দেওয়া সম্পর্কিত ১৯৯৫ সালের জনবল কাঠামো ২০১৩ সালে সংশোধন করে কম্পিউটার বিষয়ের সহকারী শিক্ষক পদটি প্যাটার্নভুক্ত করা হয়। আর ২০১০ সালের শিক্ষানীতি অনুযায়ী কম্পিউটার বিষয়টি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নামে সংশোধন করে তা বাধ্যতামূলক করা হয়।

এরই পরিপ্রেক্ষিতে এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের প্রস্তাবে তথ্য প্রযুক্তি, বিজ্ঞান ও চারুকলাসহ কয়েকটি বিষয়ের শিক্ষকদের এমপিওভুক্তির সিদ্ধান্ত নেয় মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। গত বছরের ৩১ ডিসেম্বর বঞ্চিত তথ্য প্রযুক্তি, বিজ্ঞান ও উৎপাদন ব্যবস্থাপনাসহ কয়েক বিষয়ের ৭ হাজার ১৪৬ শিক্ষককে এমপিওভুক্ত করে সরকার। এ সময় বাদ পড়েন ৪৯৪ জন শিক্ষক। এসব শিক্ষকদের এমপিওভুক্তির বিষয় নিয়ে গত ১ আগস্ট বৈঠক অনুষ্ঠিত হয়। মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসোইনের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এসব শিক্ষকদের এমপিওভুক্ত করতে সিদ্ধান্ত নেওয়া হয়।