ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ অধ্যাপক ফওজিয়া রেজওয়ান জানান, লটারিতে নির্বাচিত মোট ১ হাজার ৮২৬ জন অনলাইনে ভর্তি হতে পারবে। এরমধ্যে অনলাইনে আবেদন করে ব্যাংকে টাকা জমা দিয়ে রবিবার (২২ ডিসেম্বর) ভর্তি হয়েছে এক হাজার ৩২৭ জন। বাকি রয়েছে ৪৯৯ জন। অনলাইনে ভর্তির সুযোগ রয়েছে আরও দুই দিন। নির্ধারিত সময়ে সবাই ভর্তি না হলে আগামী ২৯ ডিসেম্বর অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তি করা হবে।
প্রসঙ্গত, অতিরিক্ত শিক্ষার্থী ভর্তি ও ভর্তিতে বাণিজ্য করার অভিযোগ থাকায় এই প্রথম ভিকারুননিসা স্কুল অ্যান্ড কলেজে প্রথম শ্রেণিতে ভর্তির উদ্যোগ নেওয়া হয়। তবে অনলাইনে ভর্তির বিরোধিতা করে ১৭ ডিসেম্বর অভিভাবক ফোরামের ব্যানারে সংবাদ সম্মেলন করা হয়। সংবাদ সম্মেলনে দাবি করা হয় অফলাইনে ভর্তি করতে হবে। তবে প্রতিষ্ঠানটির গভর্নিংবডি দফায়-দফায় বৈঠক করে শেষ পর্যন্ত অনলাইনে ভর্তির সিদ্ধান্তে অনড় থাকে। প্রথম শ্রেণির ভর্তির জন্য লটারিতে নির্বাচিত ১ হাজার ৮২৬ জনের মধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের ২ শতাংশসহ সব রকম কোটা সংরক্ষণ করা হয়েছে বলে জানান অধ্যাপক ফওজিয়া।
বদলিজনিত ভর্তির বিষয়ে জানতে চাইলে অধ্যাপক ফওজিয়া বলেন, ‘গভর্নিংবডির সঙ্গে আলোচনা করে আরও ব্যবস্থা নেওয়া যাবে। শিক্ষা মন্ত্রণালয়ে কর্মকর্তাদের বদলিজনিত কারণে সংশ্লিষ্ট শিক্ষার্থী ভর্তি ও জরুরি কারণে ভর্তির জন্য গভর্নিংবডি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে ভর্তি করাতে পারবে। তবে বিষয়টি আলোচনা ও আসন ব্যবস্থার ওপর নির্ভর করবে।’