নতুন করে এমপিভুক্তি নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনিআগামী জানুয়ারিতে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের সংশোধিত জনবল কাঠামো ও এমপিও নীতিমালা জারি হবে। এরপর নতুন শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির আবেদন নেওয়া শুরু করবে শিক্ষা মন্ত্রণালয়। মঙ্গলবার (২৯ ডিসেম্বর)এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
শিক্ষামন্ত্রী বলেন, ‘নীতিমালা চূড়ান্ত হয়ে আছে। আগামী জানুয়ারিতে এটি জারি করতে পারবো বলে আমরা মনে করি। তারপর আবেদন নেওয়া শুরু হবে। তবে এই অর্থবছরে এমপিওভুক্ত করা সম্ভব হবে না। আগামী জুনের পর বিষয়টি চলে যাবে। তবে জানুয়ারিতে মাসে নীতিমালা প্রকাশ করতে পারবো। প্রকাশ হওয়ার পরপরই আবেদন নেওযার প্রক্রিয়াটি শুরু করতে পারবো।’
প্রসঙ্গত, ২০১৮ সালের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের জনবল কাঠামো ও এমপিও নীতিমালা সংশোধন সম্পন্ন হচ্ছে এ মাসের মধ্যেই। নীতিমালা চূড়ান্ত হলে নতুন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান নতুন এমপিওভুক্তির প্রক্রিয়া শুরু হবে। অনলাইনে আবেদন নিয়ে তা যাচাই-বাছাই করে এমপিওভুক্ত করা হবে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
জানতে চাইলে শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (মাধ্যমিক) মমিনুর রশিদ আমিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এ মাসের মধ্যে চূড়ান্ত করা হবে জনবল কাঠামো ও এমপিও নীতিমালা।’
নীতিমালা সংশোধনের আগে নতুন শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘সংশোধনের আগে নতুন শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির সুযোগ নেই।’ নীতিমালা সংশোধনের কতদিন পর নতুন শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তি শুরু হতে পারে জানতে চাইলে মমিনুর রশিদ আমিন বলেন, ‘ সেটি সরকারের উচ্চ পর্যায়ের সিদ্ধান্ত।’

আরও পড়ুন: নীতিমালা সংশোধন চলতি মাসেই, এরপর এমপিওভুক্তি