প্রধানমন্ত্রীকে নিয়ে বিএনপি যুগ্ম মহাসচিব নেতা মোয়াজ্জেম হোসেন আলালের বিরুদ্ধে অশালীন বক্তব্য দেওয়ার অভিযোগ এনে তাকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে তার কুশপুত্তলিকা দাহ করেছে বাংলাদেশ ছাত্রলীগ।
বৃহস্পতিবার(৯ ডিসেম্বর) দুপুর ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের(ঢাবি) সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন আলালের মন্তব্যের প্রতিবাদে ও তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ করে সংগঠনটি।
এসময় বিভিন্ন সময় ছাত্রশিবির-ছাত্রদলের হামলায় নিহত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগকর্মী শহীদ ফারুক হোসেন, বুয়েট ছাত্রলীগকর্মী শহীদ আরিফ রায়হান দ্বীপ, বুয়েট ছাত্রী সাবিকুন নাহার সনি, চট্টগ্রামের বাকলিয়া সরকারি কলেজ ছাত্রলীগের ৮ নেতাকর্মী হত্যার রায় দ্রুত ঘোষণার দাবি জানায় সংগঠনের নেতারা।
সমাবেশে বাংলাদেশ ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয় বলেন, ছাত্রলীগ আছে বলেই জঙ্গিবাদ মাথাচাড়া দিতে পারছে না। শান্তিতে দেশের জনগণ ঘুমাতে পারছেন। এসময় তিনি বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন আলালকে উদ্দেশ্য করে বলেন, আলালরা মুক্তিযুদ্ধের সময় কোথায় ছিল? এই আলাল প্রধানমন্ত্রীকে নিয়ে যেভাবে কুরুচিপূর্ণ কথা বলেছে সেটা রাষ্ট্রদ্রোহিতার শামিল। অবিলম্বে তাকে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে।
সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য বলেন, আবরার হত্যার পর সর্বপ্রথম ছাত্রলীগই ঢাকা শহরে শোক মিছিল বের করেছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার শক্ত নির্দেশনার মাধ্যমে এই হত্যাকাণ্ডের বিচার দ্রুত হয়েছে। কিন্তু আমরা লক্ষ্য করে দেখি একই দেশে একই প্রতিষ্ঠানের দুজন শিক্ষার্থীর জন্য কেন দুটি আইন বলবত থাকবে।