প্রাথমিক শিক্ষকের মৃত্যু ও কান ধরে উঠবস, প্রতিবাদে কর্মসূচি

কক্সবাজার সাহিত্যিকা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের মানসিক নির্যাতনে সহকারী শিক্ষিকা সাকিলা মনছুরের স্ট্রোকজনিত মৃত্যু এবং রাজশাহীর পবার হাড়ুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জান্নাতুল ফেরদাউসকে কান ধরে উঠবস করানোর প্রতিবাদে ও দোষীদের শাস্তির দাবিতে কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি।

সোমবার (২৯ আগস্ট) রাতে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সমিতির সভাপতি মোহাম্মদ শামছুদ্দীন মাসুদ বলেন, কক্সবাজার সাহিত্যিকা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের মানসিক নির্যাতনে সহকারী শিক্ষিকা সাকিলা মনছুরের স্ট্রোকজনিত মৃত্যু এবং রাজশাহীর পবার হাড়ুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জান্নাতুল ফেরদাউসকে কান ধরে উঠবস করানোর প্রতিবাদে ও দোষীদের শাস্তির দাবিতে কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

তিনি বলেন জানান, আগামী ১ সেপ্টেম্বর বিদ্যালয়ে শিক্ষকরা কালোব্যাজ ধারণ করবেন।  আগামী ৭ সেপ্টেম্বরের মধ্যে অভিযুক্তদের আইনের আওতায় আনা না হলে ১০ সেপ্টেম্বর সকাল ১১টায় নিজ নিজ উপজেলায় মানববন্ধন কর্মসূচি পালন করা হবে।  আর আগামী ১১ সেপ্টেম্বর নিজ উপজেলা শিক্ষা অফিসারের মাধ্যমে প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালকের কাছে স্মারকলিপি জমা দেওয়া হবে।