অবসরে যাওয়া বেসরকারি শিক্ষকদের ২০২২ সালের পর থেকে অবসর ও কল্যাণ ট্রাস্টের টাকা দেওয়া বন্ধ ছিল। মাসখানেকের মধ্যেই এই অর্থ পরিশোধ কার্যক্রম চালু করা হবে।
বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
শিক্ষামন্ত্রী বলেন, ২০২২ সালের পর থেকে কল্যাণ ট্রাস্ট এবং অবসর ভাতা বাবদ অনুদান দেওয়া হচ্ছিল না। ওই সময়ের পর যেসব শিক্ষক কল্যাণ ট্রাস্টের টাকা পাননি, তাদের অবসর ভাতা চালু করবে সরকার। এ ভাতা চালুর জন্য দুই হাজার কোটি টাকার একটি থোক বরাদ্দ পাওয়া গেছে। মাসখানেকের মধ্যেই এর কার্যক্রম শুরু হবে।
তিনি আরও বলেন, শিক্ষকদের কল্যাণ ট্রাস্ট থেকে এর আগে কয়েক হাজার কোটি টাকা তসরুফ করা হয়েছে।
শিক্ষামন্ত্রী জানান, এ বছর শিক্ষাখাতে সর্বোচ্চ বাজেট দেওয়া হচ্ছে। জিডিপির দুই শতাংশ শিক্ষাখাতে বরাদ্দ রাখা হয়েছে। আগামী অর্থবছরে শিক্ষার বাজেট হবে সর্বোচ্চ, যা টাকার অঙ্কে এক লাখ ২৩ হাজার কোটি টাকা। এটিকে পর্যায়ক্রমে ৫ শতাংশে উন্নীত করার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী।









