জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে চালু করা স্নাতক কোর্সগুলোর সব কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হলেও ইতোমধ্যে ভর্তি হওয়া শিক্ষার্থীদের প্রোগ্রাম চালু থাকবে। ভর্তি হওয়া শিক্ষার্থীদের পছন্দ ও প্রাপ্যতা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী কোনও বিশ্ববিদ্যালয় কলেজে ভর্তির ব্যবস্থা করাতে নির্দেশনা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৩০ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এ সম্পর্কিত এক চিঠি দিয়েছে বিশ্ববিদ্যালয়টির উপাচার্যের কাছে।
চিঠিতে বলা হয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে স্নাতক প্রোগ্রাম চালু করা সম্পর্কিত সব কার্যক্রম বন্ধের কারণে এরইমধ্যে মূল ক্যাম্পাসে ভর্তি করা শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম যাতে ব্যাহত না হয় সে ব্যবস্থা নিতে হবে।
এরআগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে চালু করা স্নাতক প্রোগ্রামসহ এ সম্পর্কিত সব কার্যক্রম বন্ধে গত ২৬ মে নির্দেশ দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি।
২০২৩ সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ে অন-ক্যাম্পাস অনার্স কোর্সে শিক্ষার্থী ভর্তি করিয়ে ২৫ সেপ্টেম্বর থেকে ক্লাস শুরু হয়। ২০২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রোগ্রামে প্রথমবারের মতো চারটি বিষয়ে অন-ক্যাম্পাস অনার্স কোর্সে ভর্তি করা হয়। সেসময় এলএলবি, বিবিএ, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট এবং নিউট্রিশন অ্যান্ড ফুড সায়েন্স বিষয়ে শিক্ষার্থী ভর্তি করা হয়।