২০২৪ শিক্ষাবর্ষের ছয় মাসের সামষ্টিক মূল্যায়নের সময়সূচি পরিবর্তন করা হয়েছে। পরিবর্তিত সূচি অনুযায়ী, আগামী ১৩ জুলাই অনুষ্ঠেয় ষষ্ট শ্রেণির বিজ্ঞান, সপ্তম শ্রেণির ইংরেজি, অষ্টম শ্রেণির শিল্প ও সংস্কৃতি এবং নবম শ্রেণির স্বাস্থ্য সুরক্ষা বিষয়ের সামষ্টিক মূল্যায়ন আগামী ৩ আগস্ট শনিবার অনুষ্ঠিত হবে।
বুধবার (২৬ জুন) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর, মাদ্রাসা শিক্ষা অধিদফতর ও কারিগরি শিক্ষা অধিদফতর দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এই নির্দেশনা দিয়েছে।
এর আগে গত ২৪ জুন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর, মাদ্রাসা শিক্ষা অধিদফতর, কারিগরি শিক্ষা অধিদফতর ও প্রাথমিক শিক্ষা অধিদফতরে মহাপরিচালকদের পরিবর্তিত সময়সূচি অনুযায়ী ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন পরিচালনার নির্দেশনা বাস্তবায়নের অনুরোধ জানায়।
এনসিটিবির নির্দেশনায় জানানো হয়, ২০২৪ শিক্ষাবর্ষে ষষ্ট থেকে নবম শ্রেণির জন্য ছয় মাসের সামষ্টিক মূল্যায়নের সময়সূচিব ইতোমধ্যে পাঠানো হয়েছে। বেসরকারি শিক্ষক নিবন্ধন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) জানায়, আগামী ১৩ জুন অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা- ২০২৩ এর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। ওই শিক্ষক নিবন্ধন পরীক্ষায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ভেন্যু হিসেবে এবং প্রধান পরীক্ষকসহ অন্যান্য শিক্ষক নিয়োগ পরীক্ষার কাজে নিয়োজিত থাকবেন। এনটিআরসিএ ওই দিনের বিভিন্ন শ্রেণির মূল্যায়ন কার্যক্রমের সময়সূচি পরিবর্তনের অনুরাধ করেছে। এ জন্যই আগামী ১৩ জুলাইয়ের পরীক্ষাগুলো পেছানো হলো।