জাবি উপাচার্যের দায়িত্বে অধ্যাপক কামরুল আহসান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য হিসেবে সাময়িকভাবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানকে সাময়িকভাবে বিশ্ববিদ্যালয়টির ভাইস-চ্যান্সেলর পদে নিয়োগ করা হলো।

নিয়োগের শর্তে বলা হয়, ভাইস-চ্যান্সেলর পদে এ নিয়োগ যোগদানের তারিখ থেকে কার্যকর হবে। এই পদে তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতাদি প্রাপ্য হবেন। তিনি বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন। তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থান করবেন।

রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যে কোনও সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।