আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শিশুদের চিত্রাঙ্কণ প্রতিযোগিতা

মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আগামী ২৪ ফেব্রুয়ারি শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে চিত্রাঙ্কন প্রতিযোগিতা আয়োজনের ব্যবস্থা নিতে মন্ত্রণালয়ের অফিস আদেশটি রবিবার (১২ জানুয়ারি) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। 

মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা হয়, ‘মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট চার দিনব্যাপী অনুষ্ঠান মালার আয়োজন করেছে। শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন দফতরকে দিবসটি পালনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও নির্দেশনা দেওয়া হয়েছে।

অনুষ্ঠান সূচি অনুযায়ী, আগামী ২৪ ফেব্রুয়ারি রাজধানী ঢাকায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠান আয়োজন করা হবে। তবে সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানে কর্মসূচি পালনের সুনির্দিষ্ট কোনও নির্দেশনা দেওয়া হয়নি এই আদেশে। এমনকি চার দিনের সব কর্মসূচিও উল্লেখ করা হয়নি।

চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশুরা বয়স ও শ্রেণি অনুসারে বিভিন্ন দলভিত্তিক নির্দিষ্ট বিষয় অনুসারে চিত্রাঙ্কন করবে। প্রাক-প্রাথমিক শ্রেণি থেকে দশম শ্রেণিতে অধ্যায়নরত শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় অংশ নেবে। তবে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের গ্রুপ ও থিম আলাদা। বাংলাদেশে অবস্থিত বিভিন্ন দূতাবাসে কর্মরত কূটনৈতিক কর্মকর্তাদের শিশুরাও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নিতে পারবে।

অফিস আদেশে আরও বলা হয়, চিত্রাঙ্কনে অংশগ্রহণকারীদের জন্য ইনস্টিটিউটের পক্ষ থেকে কেবল আর্ট-পেপার সরবরাহ করা হবে। প্রতিযোগীদের প্রয়োজনীয় অন্যান্য অঙ্কন সরঞ্জামাদিসহ উপস্থিত থাকতে হবে। আগ্রহী প্রতিযোগীদের সংযুক্ত ফরম পুরণ করে আগামী ১০ ফেব্রুয়ারির মধ্যে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে অফিসে জমা দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।