দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনায় পরিচালিত আহ্বায়ক (অ্যাডহক) কমিটির মেয়াদ বাড়িয়েছে সরকার। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও দেশের বিদ্যমান পরিস্থিতির প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এ সংক্রান্ত একটি অফিস আদেশ দেশের সব শিক্ষা বোর্ড চেয়ারম্যানদের কাছে পাঠিয়েছে।
মন্ত্রণালয়ের আদেশে বলা হয়েছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন এবং বর্তমান বিশেষ পরিস্থিতির কারণে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির সভাপতি হিসেবে যারা দায়িত্ব পালন করছেন, তাদের মেয়াদ আগামী ২৮ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত বৃদ্ধি করা হলো।
সরকারি নিয়ম অনুযায়ী বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের আহ্বায়ক কমিটির নির্দিষ্ট মেয়াদ শেষ হওয়ার পর পূর্ণাঙ্গ ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডি গঠনের লক্ষ্যে নির্বাচনের নিয়ম রয়েছে। তবে দেশে নির্বাচন এবং প্রশাসনিক ব্যস্ততার কারণে নতুন কমিটি গঠন বা নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করা চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে। বর্তমান কমিটির মেয়াদ বাড়িয়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রশাসনিক ধারাবাহিকতা বজায় রাখার উদ্যোগ নিলো মন্ত্রণালয়।
উল্লেখ্য, বর্ধিত এই মেয়াদের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হওয়া সাপেক্ষে পরবর্তী পূর্ণাঙ্গ কমিটি গঠনের প্রক্রিয়া শুরু করার নির্দেশনা দেওয়া হতে পারে।