কেন ‘ফার্মের মুরগি’ স্লোগান দিচ্ছেন শিক্ষার্থীরা?

টানা বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যেও এইচএসসি ও সমমানের পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৪ জুলাই) রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ, সড়ক অবরোধ ও সমাবেশে তাদের মুখে সবচেয়ে বেশি শোনা গেছে—‘তুমি কে, আমি কে? ফার্মের মুরগি’ স্লোগান। পাশাপাশি তারা শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগও দাবি করছেন।

শিক্ষার্থীদের এই স্লোগানের সূত্র একটি অডিও-ভিডিও, যা সোমবার রাত থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে এক পরীক্ষার্থীর সঙ্গে মোবাইল ফোনে কথা বলতে শোনা যায় শিক্ষামন্ত্রীকে। সেখানে তিনি বলেন, ‘ওরা তো ফার্মের মুরগি, একটু বৃষ্টিতে ভিজলেই জ্বর চলে আসবে।’ এই মন্তব্যকে শিক্ষার্থীরা অবমাননাকর দাবি করে ক্ষোভ প্রকাশ করেন। এরপর থেকেই আন্দোলনে ‘ফার্মের মুরগি’ স্লোগানটি ব্যাপকভাবে ব্যবহার করা হচ্ছে।

জানা গেছে, রবিবার রাতে রাজধানীর একটি কলেজের এক পরীক্ষার্থীর সঙ্গে হোয়াটসঅ্যাপে কথা বলেন শিক্ষামন্ত্রী। পরীক্ষার্থীর অভিভাবক মন্ত্রীকে হোয়াটসঅ্যাপে কল দিয়ে সন্তানের সঙ্গে কথা বলিয়ে দেন।  ওই কথোপকথনের সময় অন্য একটি মোবাইল ফোনে ভিডিও ধারণ করা হয়, যা পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভিডিওতে শিক্ষামন্ত্রীকে বলতে শোনা যায়, একটি বৈঠকে কেউ একজন বলেছিলেন, ‘একটু ভিজলেই আমার মেয়ের জ্বর চলে আসে।’ সেই প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘ওরা তো ফার্মের মুরগি, একটু ভিজলেই জ্বর চলে আসে। একদিন বৃষ্টিতে ভিজে জ্বর এলে তো পরের তিন দিনও পরীক্ষা দিতে পারবে না।’

একই কথোপকথনে শিক্ষামন্ত্রী দাবি করেন, তিনি নিজে পরীক্ষা স্থগিতের পক্ষে ছিলেন। তবে জেলা প্রশাসক ও আবহাওয়াবিদদের মতামতের ভিত্তিতে পরীক্ষা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়। তিনি আরও বলেন, পরীক্ষার রুটিনও অংশীজনদের সঙ্গে আলোচনা করেই করা হয়েছে।

শিক্ষার্থীদের অভিযোগ, টানা ভারী বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে অনেক পরীক্ষার্থী নির্ধারিত সময়ে কেন্দ্রে পৌঁছাতে পারেননি। কেউ কেউ অসুস্থ হয়ে পড়েছেন। পাশাপাশি পদার্থবিজ্ঞান দ্বিতীয়পত্রের প্রশ্ন নিয়েও তারা আপত্তি তুলেছেন। তাদের দাবি, প্রশ্নে ভুল ছিল এবং সেটি অতীতের তুলনায় অস্বাভাবিকভাবে কঠিন হয়েছে।

এসব অভিযোগকে সামনে রেখে মঙ্গলবার সকাল থেকেই রাজধানীর সায়েন্স ল্যাব মোড়, বকশীবাজারে ঢাকা শিক্ষা বোর্ডের সামনে, ঢাকা বিশ্ববিদ্যালয়-সংলগ্ন এলাকায় বিক্ষোভ করেন বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। একই সঙ্গে উত্তরার ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক, বরিশালের ঢাকা-বরিশাল মহাসড়ক এবং ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কেও অবরোধের ঘটনা ঘটে। কুমিল্লা, বগুড়া ও ময়মনসিংহেও শিক্ষার্থীরা বিক্ষোভ সমাবেশ করেন।

আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরা ‘দফা এক, দাবি এক—শিক্ষামন্ত্রীর পদত্যাগ’, ‘তুমি কে, আমি কে? ফার্মের মুরগি’, ‘আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’সহ বিভিন্ন স্লোগান দেন।

শিক্ষার্থীদের দাবির মধ্যে রয়েছে—দুর্যোগ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত রাখা, ১৩ জুলাই বৈরী আবহাওয়ার কারণে পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের জন্য পুনঃপরীক্ষার ব্যবস্থা করা এবং পদার্থবিজ্ঞান দ্বিতীয়পত্রের প্রশ্ন নিয়ে উত্থাপিত অভিযোগের তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া।

এদিকে, ভাইরাল হওয়া ওই কথোপকথনের বিষয়ে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পক্ষ থেকেও এখনও আনুষ্ঠানিক কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।