২০২৬ সালের এসএসসি পরীক্ষার উত্তরপত্র পুনর্মূল্যায়নের জন্য ১২ লাখের বেশি আবেদন জমা পড়েছে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
সোমবার (১৭ আগস্ট) ঢাকার একটি হোটেলে ‘কিউএস (সাইমন্ডস কুয়াকোয়ারেল্লি) বাংলাদেশ ফোরাম ২০২৬’-এ প্রধান অতিথি হিসেবে বক্তৃতাকালে তিনি এই তথ্য দেন।
অনুষ্ঠানশেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী বলেন, “এবার এসএসসির উত্তরপত্র পুনর্মূল্যায়নের জন্য অসংখ্য জমা আবেদন পড়েছে। এই অবস্থা দেখে মনে হয় প্রায় সব শিক্ষার্থীই খাতা পুনর্মূল্যায়ন করতে চায়। ইতোমধ্যে প্রায় ১২ লাখেরও অধিক খাতা পুনর্মূল্যায়নের আবেদন জমা পড়েছে। যা পুনর্মূল্যায়ন করা অত্যন্ত কষ্টসাধ্য বিষয়। তাই আমরা খাতা পুনর্মূল্যায়নে নতুন নীতিমালা প্রণয়নের পরিকল্পনা করছি, যাতে কোন ধরনের খাতা পুনর্মূল্যায়ন করা যাবে সেগুলোর আওতা নির্দিষ্ট করা যায়।”
এসময় তিনি আরও বলেন, “বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার পাশাপাশি বাংলাদেশে বিদেশি শিক্ষার্থীদের পড়াশোনার সুযোগ বৃদ্ধি করতে ভিসা নীতি সহজ করার উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে বিদেশি শিক্ষার্থীদের সহজেই বাংলাদেশের ভিসা পাওয়া সম্ভব হবে।”