অ্যাকাডেমিক স্বীকৃতিপ্রাপ্ত নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান ও মানববন্ধন করছেন শিক্ষক-কর্মচারীরা। সোমবার (২৪ আগস্ট) সকাল ৯টা থেকে শহীদ মিনার এলাকায় জড়ো হয়ে কর্মসূচি শুরু করেন তারা। সকাল ১০টা থেকে সেখানে অবস্থান করছেন শিক্ষক-কর্মচারীরা। বাংলাদেশ নন-এমপিও (বেতনবিহীন) শিক্ষক-কর্মচারী পরিষদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে এ কর্মসূচি পালন করা হচ্ছে।
এদিকে, আন্দোলনরত শিক্ষক-কর্মচারীদের চার সদস্যের একটি প্রতিনিধিদল পুলিশের মধ্যস্থতায় বেলা ১১টা ২০ মিনিটে শিক্ষা মন্ত্রণালয়ে যায়। তবে দুপুর আড়াইটা পর্যন্ত মন্ত্রণালয়ে কোনও কর্মকর্তার সঙ্গে তাদের সাক্ষাৎ হয়নি। প্রতিনিধিদলের সদস্যরা সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ে অপেক্ষা করছেন।
প্রতিনিধিদলে রয়েছেন– নন-এমপিও শিক্ষক ও কর্মচারী পরিষদের আহ্বায়ক সামিয়া জাহান পান্না, যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ মো. শরিফুল ইসলাম, সদস্য মো. কবির উদ্দীন এবং সদস্যসচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম।
প্রতিনিধিদলের সদস্যসচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, আমরা শহীদ মিনারে কর্মসূচি করছিলাম। ডিএমপির দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা আমাদের আলোচনার জন্য তাদের গাড়িতে করেই এখানে নিয়ে এসেছেন। আমরা অপেক্ষায় আছি।
সুনির্দিষ্ট প্রতিশ্রুতি চান শিক্ষকরা
মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, আজ আমরা শিক্ষামন্ত্রী, শিক্ষা সচিব ও উপদেষ্টা ড. মাহদী আমিনের কাছে স্মারকলিপি দেবো। পাশাপাশি আলোচনায় যদি দাবি পূরণে সুনির্দিষ্ট প্রতিশ্রুতি পাই, তাহলে আমরা ক্লাসে ফিরে যাবো।
তিনি আরও বলেন, আলোচনায় দাবি পূরণের বিষয়ে সুনির্দিষ্ট প্রতিশ্রুতি না পেলে আমরা শহীদ মিনারে ফিরে যাবো। এরপর সেখানে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।