শিক্ষার মানোন্নয়নে বাংলাদেশ ও চীন এই দুই দেশ ভবিষ্যতে আরও নিবিড়ভাবে কাজ করবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
সোমবার (২৪ আগস্ট) মন্ত্রণালয়ের অফিসকক্ষে মন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাতের পর তিনি এ কথা জানান।
প্রতিনিধিদল শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ সরকারের গৃহীত পদক্ষেপের প্রশংসা করেন। মন্ত্রী বাংলাদেশের শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে চীনের অব্যাহত সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ জানান।
মন্ত্রী এ সময় বলেন, আমরা যদি এ দেশের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরিত করতে পারি তাহলে দেশকে আরও উন্নত পর্যায়ে নিতে সক্ষম হবো। এ জন্য আমরা টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন (টিভিইটি) সেক্টরের ওপর গুরুত্ব দিয়ে কাজ করছি। দেশের বর্তমান প্রজন্মকে দক্ষ ও বৈশ্বিক মানের মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে চীনের সঙ্গে যৌথভাবে শিক্ষা ও কারিগরি খাতে সহযোগিতা আরও বৃদ্ধির সুযোগ রয়েছে।
শিক্ষার মানোন্নয়নে দুদেশ ভবিষ্যতে আরও নিবিড়ভাবে কাজ করবে বলে বৈঠকে আশাবাদ ব্যক্ত করা হয়।
এ সময় কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. দাউদ মিয়া, বাংলাদেশে চীনা অ্যাম্বাসির কালচারাল কাউন্সিলর লি শাওপেং উপস্থিত ছিলেন।