আইপিইউর সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও সমৃদ্ধ করার আশাবাদ

ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের সম্পর্ক আরও সমৃদ্ধ করতে একযোগে কাজ করার আশাবাদ ব্যক্ত করেছেন সংস্থাটির সেক্রেটারি জেনারেল এন্ডা ফিলিপ। 

সোমবার (৩১ আগস্ট) আইপিইউর সেক্রেটারি জেনারেলের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধিদল বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়ার সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করলে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন। 

সাক্ষাৎকালে সংসদ সচিব প্রতিনিধিদলকে জাতীয় সংসদের কার্যপ্রণালি, কমিটি ব্যবস্থা ও আইন প্রণয়ন কার্যক্রমসহ সার্বিক বিষয়ে অবহিত করেন। 

এ সময় সংসদ সচিব বলেন, “সংসদীয় সরকার ব্যবস্থায় বাংলাদেশে বর্তমানে একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক সরকার রয়েছে, যা জনগণের প্রতিনিধিত্ব করছে।” নবীন ও প্রবীণ সংসদ সদস্যদের অংশগ্রহণে বর্তমান সংসদ আরও কার্যকর ও জবাবদিহিমূলক হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।  

গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক ভিত মজবুত করতে ত্রয়োদশ জাতীয় সংসদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে জানান সংসদ সচিব। 

এন্ডা ফিলিপ সংসদ সচিবের বক্তব্যে সন্তোষ প্রকাশ করে বলেন, “বাংলাদেশ জাতীয় সংসদ আইপিইউর একটি কার্যকর সদস্য। আইপিইউর সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের সুসম্পর্ক রয়েছে। এ সম্পর্ক আরও সমৃদ্ধ করতে আইপিইউ জাতীয় সংসদের সঙ্গে একযোগে কাজ করে যাবে।”  

সাক্ষাৎকালে এন্ডা ফিলিপ টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে বিজ্ঞান ও প্রযুক্তির উৎকর্ষ, বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) কার্যকর প্রয়োগ বিষয়ে আইপিইউর নতুন কর্মকৌশল সম্পর্কে সংসদ সচিবকে অবহিত করেন। 

এ সময় তানজানিয়ায় অনুষ্ঠেয় আইপিইউর আসন্ন সম্মেলনে বাংলাদেশ জাতীয় সংসদের প্রতিনিধিদলের অংশগ্রহণ নিশ্চিত করার জন্য সংসদ সচিবকে অনুরোধ জানান তিনি। 

সাক্ষাৎকালে জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।