বিদেশি কারিকুলামে পড়াশোনা করা ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পর্যালোচনায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নেতৃত্বে একটি কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
রবিবার (১১ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে অ্যালায়েন্স অব প্রাইভেট ইংলিশ মিডিয়াম স্কুলস আয়োজিত ‘বিদেশি কারিকুলাম অধ্যয়নকারী শিক্ষার্থীদের সরকারি বিশ্ববিদ্যালয়সমূহে ভর্তির সুযোগ সম্প্রসারণ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, বিদেশি কারিকুলামে ‘ও’ লেভেল ও ‘এ’ লেভেল সম্পন্ন করা শিক্ষার্থীদের পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগের বিষয়টি পর্যালোচনা করবে ইউজিসির নেতৃত্বাধীন কমিটি। কমিটির সুপারিশের ভিত্তিতে এ বিষয়ে নীতিমালা প্রণয়ন করা হবে।
ভারত ও পাকিস্তানের শিক্ষাব্যবস্থার উদাহরণ তুলে ধরে ড. মিলন বলেন, প্রতিবেশী দেশগুলোতে ‘ও’ লেভেল ও ‘এ’ লেভেলের সনদকে নিজস্ব উচ্চমাধ্যমিক পরীক্ষার সমমানের সঙ্গে সমন্বয়ের স্পষ্ট নীতিমালা রয়েছে। বাংলাদেশেও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার শিক্ষার সর্বস্তরে সমতা নিশ্চিত করতে কাজ করছে।
তিনি বলেন, ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীরা যাতে সমতার ভিত্তিতে পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রক্রিয়ায় অংশ নিতে পারে, সে লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হচ্ছে।
এ সময় ইংরেজি মাধ্যমের স্কুলগুলোতে দেশের ইতিহাস, বাংলা ভাষা ও সংস্কৃতির কার্যকর পাঠদান জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন শিক্ষামন্ত্রী।
অ্যালায়েন্স অব প্রাইভেট ইংলিশ মিডিয়াম স্কুলসের সভাপতি মো. মোরশেদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ সহকারী গিয়াস উদ্দিন (বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়) এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুনসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা বক্তব্য রাখেন।