মাদকাসক্তি প্রতিরোধে খেলাধুলার কোনও বিকল্প নেই বলে মন্তব্য করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এ কারণে শিক্ষার্থীদের পাঠ্যক্রমে খেলাধুলাকে অন্তর্ভুক্ত করছে সরকার বলে জানিয়েছেন তিনি।
শুক্রবার (৩০ অক্টোবর) চাঁদপুরের কচুয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে কচুয়া উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত ‘ড. আ ন ম এহছানুল হক মিলন ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর ফাইনাল খেলা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, ইতোমধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে ফুটবল প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। এখন প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ শুরু করা হবে। খেলাধুলার চর্চা এ প্রজন্মকে মাদকাসক্তি থেকে দূরে রাখতে পারে। পাশাপাশি ক্রীড়াক্ষেত্রে পেশাদার হিসেবে প্রতিষ্ঠিত হওয়ারও সুযোগ রয়েছে।
তিনি আরও বলেন, এ বছরের মধ্যে শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যবই তুলে দেওয়া হচ্ছে। ‘লার্নিং উইথ হ্যাপিনেস’, ‘আমার কারিগরি শিক্ষা’, ‘বাংলাদেশের সংস্কৃতি’ ও ‘খেলাধুলা’র মতো বিষয়ভিত্তিক বই শিক্ষার্থীদের দেওয়া হচ্ছে। আগামীতে সাঁতার প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের সাঁতার শেখার প্রতিও উৎসাহিত করা হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় সহসভাপতি নাজমুন নাহার বেবি।
এ ছাড়া উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়, কচুয়া সার্কেলের পুলিশ সুপার আব্দুল হাই চৌধুরী, কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল ইসলামসহ উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা।