শিক্ষা খাতের সংস্কার-উন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখবে বিশ্বব্যাংক

শিক্ষা খাতের চলমান সংস্কার ও উন্নয়ন কার্যক্রমে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছে বিশ্বব্যাংক।

মঙ্গলবার (২৪ নভেম্বর) শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ আশ্বাস দেন বাংলাদেশ ও ভুটানে বিশ্বব্যাংকের ডিভিশন ডিরেক্টর জ্যাঁ পেসমে।

সাক্ষাৎকালে দেশের শিক্ষা খাতের উন্নয়ন, মানসম্মত শিক্ষা নিশ্চিত করা, দক্ষ মানবসম্পদ গড়ে তোলা এবং শিক্ষা ব্যবস্থার আধুনিকায়নসহ পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

এ সময় শিক্ষামন্ত্রী দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে বিশ্বব্যাংকের অব্যাহত সহযোগিতার প্রশংসা করেন। অন্যদিকে, বিশ্বব্যাংকের ডিভিশন ডিরেক্টর বাংলাদেশের শিক্ষা খাতের অগ্রগতি ও গৃহীত বিভিন্ন পদক্ষেপের প্রশংসা করেন। ভবিষ্যতেও এ সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

সাক্ষাৎকালে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক, প্রাথমিক ও গণশিক্ষা সচিব দাউদ মিয়া এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মোহাম্মদ মাহবুবুর রহমান ভূঁঞা উপস্থিত ছিলেন।