বিশ্ববিদ্যালয় শুধু সনদ বিতরণের প্রতিষ্ঠান নয়, হতে হবে উৎকর্ষের কেন্দ্র: শিক্ষামন্ত্রী

বিশ্ববিদ্যালয় কেবল সনদ বিতরণের প্রতিষ্ঠান নয়, বরং হতে হবে উৎকর্ষের কেন্দ্র। শিক্ষাব্যবস্থা হতে হবে দক্ষতাভিত্তিক ও কর্মমুখী বলে মন্তব্য করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

বুধবার (২৫ নভেম্বর) ঢাকায় মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে (এমআইএসটি) কাউন্সিল অব এমআইএসটির ২৩তম সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, যুগের চাহিদার সঙ্গে সংগতিপূর্ণ শিক্ষাব্যবস্থার আলোকে প্রকৌশল শিক্ষাকে বিশ্বমানে উন্নীত করতে বর্তমান সরকার বদ্ধপরিকর। সততা, নিষ্ঠা, নৈতিক মূল্যবোধ ও দেশপ্রেমে উজ্জীবিত আগামীর প্রজন্ম গড়ে তুলতে কাজ করছে সরকার।

তিনি বলেন, বাংলাদেশকে আন্তর্জাতিক উচ্চশিক্ষা হাবে পরিণত করার লক্ষ্যে কাজ চলছে। সেখানে দেশের বিশ্ববিদ্যালয়গুলো হবে উৎকর্ষের কেন্দ্র এবং বিদেশি শিক্ষার্থীরাও পড়তে আসবে।

চতুর্থ শিল্পবিপ্লবের পথে এগিয়ে যেতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি), বিগ ডাটা ও রোবোটিকসের মতো ক্ষেত্রে জ্ঞানার্জন ও গবেষণা অপরিহার্য বলে উল্লেখ করেন মন্ত্রী। দেশকে চতুর্থ শিল্পবিপ্লবের পথে এগিয়ে নিতে এমআইএসটি অগ্রণী ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সভায় সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম, বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান, এমআইএসটির কমান্ড্যান্ট মেজর জেনারেল মো. হাকিমুজ্জামানসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভা শেষে শিক্ষামন্ত্রী এমআইএসটির স্পোর্টস কমপ্লেক্স উদ্বোধন করেন।