ঢাবির সলিমুল্লাহ হল দ্রুত সংস্কারের নির্দেশ শিক্ষামন্ত্রীর

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ঐতিহ্যবাহী সলিমুল্লাহ মুসলিম হলের সংস্কার কার্যক্রম দ্রুত সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এ জন্য প্রয়োজনীয় প্রক্রিয়া স্বল্পতম সময়ে শেষ করতে মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ নিতে বলেছেন তিনি।

বুধবার (২৫ নভেম্বর) সচিবালয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে সলিমুল্লাহ মুসলিম হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করে। এ সময় প্রতিনিধিরা হলের জরাজীর্ণ অবকাঠামোর বিষয়টি মন্ত্রীর নজরে আনেন এবং দ্রুত সংস্কারের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়ার অনুরোধ জানান।

শিক্ষামন্ত্রী বলেন, সলিমুল্লাহ মুসলিম হল একটি স্বনামধন্য ও ঐতিহ্যবাহী হল। এর সংস্কার কার্যক্রম দ্রুত করবে সরকার। এ বিষয়ে সার্বিক প্রক্রিয়া স্বল্পতম সময়ে সম্পন্ন করতে কার্যকর পদক্ষেপ নিতে মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছি।

প্রতিনিধিদলে অ্যাসোসিয়েশনের সভাপতি জাকির আহমেদ খান, সিনিয়র সহসভাপতি মো. সাহাব উল্লাহ, সহসভাপতি আবুল কাশেম চৌধুরী, নাছির উদ্দিন মাহমুদ ও কে এম মোজাম্মেল হক উপস্থিত ছিলেন।