রাজশাহীর পুঠিয়া উপজেলার বিড়ালদহ কলেজ আকস্মিক পরিদর্শন করে শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের উপস্থিতি সন্তোষজনক না পাওয়ায় অসন্তোষ প্রকাশ করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষক-শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) কলেজটি পরিদর্শনকালে মন্ত্রী বিভিন্ন শ্রেণিকক্ষ ঘুরে দেখেন। এ সময় একটি শ্রেণিকক্ষে মাত্র একজন ছাত্রীকে উপস্থিত থাকতে দেখা যায়। কলেজের শিক্ষকদের কাছে শিক্ষার্থীদের অনুপস্থিতির কারণ জানতে চান তিনি। শিক্ষকদের জবাবে সন্তুষ্ট হতে পারেননি মন্ত্রী।
পরিদর্শনকালে শিক্ষকদের পক্ষ থেকে জানানো হয়, কলেজটিতে ১৫ জন ছাত্রী থাকলেও সেদিন একজন উপস্থিত ছিল। শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে আসার প্রবণতা কম বলেও জানান তারা। এ পরিস্থিতিতে শিক্ষার মানোন্নয়ন এবং শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন মন্ত্রী।
পরিদর্শন শেষে শিক্ষাপ্রতিষ্ঠানে সুশৃঙ্খল শিক্ষা কার্যক্রম বজায় রাখা এবং পাঠদানে আরও মনোযোগী হওয়ার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তিনি।
পরিদর্শনকালে তার সঙ্গে ছিলেন জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ড. খান মঈনুদ্দীন আল মাহমুদ সোহেল।