বিরামহীন ছুটছে ‘টিম আইসক্রিম’

কুমিল্লা থেকে শুরু করে ‘টিম আইসক্রিম’ এখন অবস্থান করছে চট্টগ্রাম। আজই (বৃহস্পতিবার) পর্দা নামার কথা ছিল। দুই নায়ক আর এক নায়িকাকে নিয়ে দলেবলে চট্টগ্রাম ছেড়ে যাওয়ার কথা সোজা কক্সবাজার সৈকতে। ‘আইসক্রিম’ কারিগর মুঠোফোনে উচ্চকণ্ঠে জানালেন, ‘সৈকতে যাচ্ছি ঠিকই, তবে চট্টগ্রামে আরও দুদিন ফেঁসে গেলাম!’

রেদওয়ান রনির ‘আইসক্রিম’যাকে বলে মধুর ফাঁসি। চট্টগ্রামের দর্শক রনির ‘আইসক্রিম’ এতটাই পছন্দ করেছেন- উপচে পড়া আগ্রহীদের অনুরোধে প্রদর্শনী টাইম বাড়াতে হয়েছে আরও দুদিন। চট্টগ্রাম থিয়েটার ইন্সটিটিউটে ১৫ মে থেকে প্রদর্শনী শুরু হয়ে শেষ হওয়ার কথা আজ বৃহস্পতিবার। সেটি এখন চলবে ২১ মে পর্যন্ত।

রনি বলেন, ‘চট্টগ্রামে এতদিন থাকতে হবে- সেটা কল্পনাও করিনি। কিন্তু গেল পাঁচদিন চট্টগ্রামের মানুষ যেভাবে বৃষ্টি উপেক্ষা করে আমাদের ধারনা পাল্টিয়েছে, তাতে আমরা বিস্মিত। তেমনই অসংখ্য মানুষের অনুরোধে আরও দুদিন ছবিটি থাকছে এখানে। তবে আমরা আজ (বৃহস্পতিবার) রাতেই যাচ্ছি আমাদের নতুন ঠিকানা কক্সবাজারে।’

রনি জানান, ২০ ও ২১ মে কলাতলী বিচ সংলগ্ন হোটেল হোয়াইট অর্কিড-এ চলবে ‘আইসক্রিম’ এর কক্সবাজার প্রদর্শনী। ২০০ টাকা দর্শনী ও ছাত্র-ছাত্রীদের পরিচয় পত্র প্রদর্শন সাপেক্ষে ১৫০ দর্শনীর বিনিময়ে উপভোগ করা যাবে ছবিটি৤ টিকেট পাওয়া যাবে শো-এর আগে হলে। সুযোগ রয়েছে অগ্রীম টিকেট সংগ্রহেরও। ২০ মে ছবিটি চলবে বিকাল ৩টা, ৫টা ৩০ মিনিট এবং রাত ৮টায়। ২১ মে চলবে দুপুর ১২টা, ২টা ৩০ মিনিট, বিকাল ৫টা এবং সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে।

চট্টগ্রামে ‘টিম আসক্রিম’: রনির সেলফিতে উদয়, রাজ এবং তুষি। পরিচালক রেদওয়ান রনি জানান, কক্সবাজার শেষ করে ‘টিম আইসক্রিম’ ছুটবে সিলেটের উদ্দেশে। সেখানে ২৭ থেকে ৩০ মে ছবিটি প্রদর্শনী হবে। তবে ভেন্যু এখনও চূড়ান্ত করতে পারেননি। রনি বলেন, ‘‘কুমিল্লা থেকে শুরু করে চট্টগ্রাম পর্যন্ত অবিশ্বাস্য সাড়া পেয়েছি। আমার ইচ্ছে এভাবে সারা বাংলাদেশের প্রতিটি জেলায় ছবিটি নিয়ে ঘোরার। বিভিন্ন জেলা থেকে প্রচুর সাড়াও পাচ্ছি। তাই ক্লান্তিহীন ছুটছি ‘টিম আইসক্রিম’ নিয়ে।’’

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত পরিচালক রেদওয়ান রনির দ্বিতীয় চলচ্চিত্র ‘আইসক্রিম’-এ অভিনয় করেছেন উদয়, রাজ এবং তুষি। আরও আছেন ওমর সানী, দিতি ও এটিএম শামসুজ্জামান প্রমূখ৤ ছবিটি প্রযোজনা করেছে পিং-পংএন্টারটেইনমেন্ট, পপকর্ন ফিল্মস এবং টপ অব মাইন্ড।

পরিচালকের চিত্রনাট্য-সংলাপে ‘আইসক্রিম’ সাজানো হয়েছে ভালোবাসার সম্পর্ক আর যত্নের গল্প দিয়ে।

চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউটের সামনে দর্শক সমাগম।/এস/এমএম/