১৬ বছর পেছনে যাচ্ছেন সিমলা

সিমলা।১৯৯৯ সালের আলোচিত ছবি ‘ম্যাডাম ফুলি’। প্রয়াত গুণী নির্মাতা শহীদুল ইসলাম খোকন নির্মাণ করেছিলেন এটি। যার মাধ্যমে ঢালিউডকে তিনি উপহার দিয়েছেন অমিত সম্ভাবনাময়ী নায়িকা সিমলাকে। বিনিময়ে এই নায়িকা পেয়েছেন সেরা অভিনয়ের জন্য দেশের সর্বোচ্চ জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

এরপর গেল ১৬ বছরে সিমলা আরও অনেক ছবিতে কাজ করেছেন। তবে প্রথম চমক আর প্রাপ্তির বিষয়টাকে অতিক্রম করতে পারেননি আজও। বরং শেষ ক’বছর তার পর্দা উপস্থিতি প্রায় অনিয়মিত।
তবে আবার তিনি নিয়মে ফিরছেন। ব্যস্ত হচ্ছেন অভিনয়ে। গেল বছর শুটিং শুরু হলেও মাঝে পারিবারিক কারণে ছিলেন বিরতিতে। ‘নাইওর’ এবং ‘নিষিদ্ধ প্রেমের গল্প’ নামের দুটি ছবির কাজ এখন শেষের দিকে। এমনটাই জানালেন সিমলা। সঙ্গে খানিক উচ্ছ্বাস নিয়ে আরও বললেন, ‘এই দুটি ছবির শুটিং একেবারেই শেষ প্রায়। এরমধ্যেই পুরো শেষ করে ফেলবো। যা আসছে ঈদে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে।’
সিমলা জানালেন আরেকটি ভালো খবর। ‘ম্যাডাম ফুলি-টু’ নামে একটি ছবিতে অভিনয় করতে যাচ্ছেন তিনি। এটি নির্মাণ করবেন আশিকুর রহমান। তিনি বলেন, ‘ছবিটি নিয়ে অনেক দিন ধরেই কথা চলছে। আমিও বেশ আগ্রহী। যদিও কাজটা শুরু করতে খানিক বিলম্ব হচ্ছে। তবে খুব শিগগিরই আমরা শুটিংয়ে যাচ্ছি।’
সিমলা।এই ছবিতে কেমন রূপে পাওয়া যাবে সিমলাকে? জবাবে বললেন, ‘এখানে দর্শকরা আগের সিমলাকেই খুঁজে পাবেন। এটা কথা দিতে পারি। সিমলা বলতে আসল ১৬ বছর আগের ম্যাডাম ফুলিকে খুঁজে পাবেন সবাই। সত্যি বলতে আমি চাই এই ছবিটির মাধ্যমে ১৬ বছর পেছনে ফিরে যেতে। শুরু করতে চাই নতুন করে।’
/এস/এমএম/