প্রাণ ফিরে পাবে মাটির গান: বন্যা

‘বাংলা গান’ প্রতিযোগিতার কর্তাব্যক্তিরা।লোকসংগীতশিল্পী অন্বেষণের টিভি রিয়্যালিটি শো ‘আড়ং ডেইরি-চ্যানেল আই বাংলার গান’-এর মহোৎসব হতে যাচ্ছে। যার মাধ্যমে প্রাণ ফিরে পাবে হারিয়ে যাওয়া মাটির গান- এমনটাই বিশ্বাস করেন দেশের অন্যতম সংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। আগামী ২২ জুলাই মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে এই উৎসব অনুষ্ঠিত হবে। রবিবার এমনটাই জানিয়েছেন অনুষ্ঠান সংশ্লিষ্টরা।

সারা বাংলাদেশ থেকে প্রাথমিকভাবে অংশগ্রহণকারী প্রায় ৪০ হাজার প্রতিযোগী থেকে বর্তমানে নির্বাচিত সেরা ৭ জন লড়বেন সেরার মুকুটটির জন্য। পুরস্কার হিসেবে চ্যাম্পিয়ানকে দেওয়া হবে নগদ ১০ লাখ টাকা। প্রথম রানারআপ পাবেন ৫ লাখ ও দ্বিতীয় রানারআপ ৩ লাখ টাকা।
এই মহোৎসবে প্রধান দুই বিচারক কণ্ঠশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা ও আইয়ুব বাচ্চুর সঙ্গে অতিথি বিচারক হিসেবে উপস্থিত থাকবে ফোক সম্রাজ্ঞী মমতাজ।
এসব জানাতে তেজগাঁওয়ের চ্যানেল আই কার্যালয়ে আজ (১৭ জুলাই) এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন- চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, ব্র্যাক ডেইরি অ্যান্ড ফুড এন্টার প্রাইজেস এর পরিচালক তৌফিকুর রহমান, প্রতিযোগিতার প্রধান দুই বিচারক রেজওয়ানা চৌধুরী বন্যা ও আইয়ুব বাচ্চু।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ক্ষুদে গানরাজ প্রতিযোগিতার শিল্পীদের সঙ্গে একটি বিশেষ পরিবেশনায় অংশ নেবেন উপমহাদেশের জীবন্ত কিংবদন্তি কণ্ঠশিল্পী রুনা লায়লা। একটি ফোক নৃত্যে অংশ নেবেন চিত্রনায়িকা পূর্ণিমা।
‘বাংলা গান’ প্রতিযোগিতার সেরা সাত জন।ফরিদুর রেজা সাগর বলেন, ‘প্রত্যন্ত অঞ্চলে হারিয়ে যাওয়া লোকগানের ঐতিহ্য ফিরিয়ে আনতে এই প্রতিযোগিতার আয়োজন। তার প্রথম ধাপ শেষ হতে যাচ্ছে ২২ জুলাই। বাংলার শ্রোতারা এক গুচ্ছ শিল্পী পেতে যাচ্ছেন এই মহোৎসবের মাধ্যমে।’
রেজওয়ানা চৌধুরী বন্যা বলেন, ‘লোকগানের একগুচ্ছ কণ্ঠশিল্পী পেতে যাচ্ছে বাংলাদেশ। তাদের কণ্ঠে রয়েছে প্রাণস্পর্শী গায়কী। প্রাণ পাবে হারিয়ে যাওয়া মাটির গান’।
ইজাজ খান স্বপনের পরিচালনায় এদিন অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন সিজিল মির্জা ও পুরো অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করবে চ্যানেল আই। প্রতিযোগিতার সেরা ৭ প্রতিযোগী: অনন্যা ইয়াসমিন অংকন (চাঁপাইনবাবগঞ্জ), শারমীন (ময়মনসিংহ), ইলমা বিনতে বখতেয়ার (চট্টগ্রাম), মো: খায়রুল ইসলাম (ফরিদপুর), মো: নাজমুল হাসান (ফরিদপুর), আল-আমিন আলী (রাজশাহী) ও মো: বিল­াল হোসেন (ফরিদপুর)।

/এমএম/