সালমানের বিয়ে ১৮ নভেম্বর!

সালমান খান ও সানিয়া মির্জা৫০ বছরে পা দিয়েও বলিউডের মোস্ট ওয়ান্টেড ব্যাচেলর হিসেবে নিজের অবস্থান ধরে রেখেছেন বলিউড তারকা সালমান খান। শিরোনামটা দেখে চমকে যাওয়ার কিছু নেই।
খোদ সালমানই জানিয়েছেন ১৮ নভেম্বর তিনি বিয়ের পিঁড়িতে বসবেন। তবে বলে রাখা ভালো, তিনি সালমান, মানুষের অনুভুতির সঙ্গে ভালোই নাচতে পারেন! তাই একটু মজাও করে নিয়েছেন।
সম্প্রতি ভারতীয় টেনিস তারকা সনিয়া মির্জার জীবনী গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন বলিউডের ভাইজান। বেশ আনন্দমুখর অনুষ্ঠানের এক পর্যায়ে সনিয়া নিজেই সালমানকে এ সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন করেন, ‘সবাই জানতে চায় আপনি কখন বিয়ে করছেন?’
হুট করে এমন প্রশ্নের মুখোমুখি হয়ে কিছুটা বিব্রত হয়ে পড়েন সালমান। কিছুক্ষণ চিন্তাভাবনা করেন সঠিক জবাব দেওয়ার। এ সময় সঞ্চালক বলেন, ১৮ নভেম্বর আপনাদের পরিবারের জন্য তো গুরুত্বপূর্ণ দিন।
১৮ নভেম্বরের কথা শুনে বললেন, ‘হ্যাঁ, ১৮ নভেম্বর। এই ১৮ নভেম্বর গত কয়েক বছর ধরে ২০-২৫ নভেম্বর হয়ে যাচ্ছিল। আমি জানি না কোন বছর এটা ঘটবে। কিন্তু এটা ঘটবেই।’

১৮ নভেম্বর খান পরিবারের জন্য গুরুত্বপূর্ণ। এই দিনেই বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছিলেন সালমানের বাবা সেলিম খান ও মা সালমা। বোন অর্পিতা খানেরও বিয়ে হয়েছিল একই তারিখে।

এক পর্যায়ে সনিয়া সালমানকে বলেন অবিবাহিত থাকলেও এটা খুব বেশি মেয়ে পছন্দ করছেন না। জবাবে সালমান বলেন, ‘আমি জানি অনেকেই অভিযোগ করছেন। আমার ওপর কেমন চাপ আছে তা আপনি জানেন না। ’

কয়েকজন অভিযোগকারীর পরিচয়ও প্রকাশ করে সালমান বলেন, আমি নিজের বোন ও মায়ের কথা বলছি। তারা চান আমি যেন বিয়ে করি।

বিয়ের তারিখ আগে থেকে জানালেও পরিবারের ইচ্ছায় কবে সালমানের অবিবাহিত জীবনের অবসান ঘটবে তার অপেক্ষা। আর সেই সৌভাগ্যবান মেয়েই বা কে হবেন তা নিয়ে রয়েছে সালমান ভক্তদের গভীর আগ্রহ। অবশ্য বলিউড পাড়ায় জোর গুঞ্জন, সালমানের জীবনসঙ্গী হওয়ার দৌড়ে ইউলিয়া ভেঞ্চুর এগিয়ে আছেন অনেকটা।

সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।

/এএ/এম/