তৌকীর আহমেদের চলচ্চিত্র ‘অজ্ঞাতনামা’। যার প্রিমিয়ার হলো মঙ্গলবার (১৬ আগস্ট) বেলা ১১টায়, রাজধানীর বসুন্ধরা সিনেপ্লেক্সে। সেখানেই ছবি দেখে মুগ্ধ হয়েছেন আমন্ত্রিতরা। আর তাদের চোখের পানি আদায় করে নিয়েছেন অভিনেতা ফজলুর রহমান বাবু। চরিত্রের রেশ ধরে অনবদ্য অভিনয় দিয়ে এই ছবির শুরু থেকে শেষ পর্যন্ত দর্শকের চোখ-মন আটকে রেখেছেন আরও দুজন; শহীদুজ্জামান সেলিম এবং মোশাররফ করিম।
স্টার সিনেপ্লেক্সে সকাল ১১টায় ফিতা কেটে ছবির প্রিমিয়ার শুরু করেছেন এর প্রযোজনা প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্মের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর। এসময় মঞ্চে উপস্থিত ছিলেন ছবির পরিচালক তৌকীর আহমেদ, অভিনেতা ফজলুর রহমান বাবুসহ সংশ্লিষ্টরা।
প্রিমিয়ার শো শুরুর আগে নিজের নির্মিত চতুর্থ ছবি ‘অজ্ঞাতনামা' প্রসঙ্গে তৌকীর আহমেদ বলেন, ‘বিদেশে বাংলাদেশের মানুষের সংখ্যা এখন কোটির ওপরে। যার বড় অংশ থাকেন মধ্যপ্রাচ্যে। অনেক কষ্ট আর স্বপ্ন বুকে নিয়ে তারা সেখানে জীবন কাটান। যদিও সেখানে যাওয়ার পর তাদের স্বপ্ন প্রায়শই পূরণ হয় না, ধরা দেয় মরীচিকা হয়ে। তাদের মানবাধিকার লঙ্ঘিত হয় পদে পদে। সেই গল্প নিয়ে আমার এই ছবি। আশা করছি ছবিটি যিনি দেখবেন তিনিই নিজের গল্প হিসেবে আবিষ্কার করবেন।’
এ ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, মোশাররফ করিম, নিপুণ এবং শহীদুজ্জান সেলিম।
তাদের পাশাপাশি ছিলেন আবুল হায়াত, শাহেদ শরীফ খান, শতাব্দী ওয়াদুদ, শাহেদ আলী সুজন, মোমেনা চৌধুরী, সুজাত শিমুল, নাজমুল হুদা বাচ্চু, শিশুশিল্পী আপন, সায়েম প্রমুখ।
‘অজ্ঞাতনামা’র গল্প, সংলাপ, চিত্রনাট্য ও পরিচালনার পাশাপাশি ছবিটির জন্য দুটি গানও লিখেছেন তৌকির আহমেদ। ছবিটির সংগীত পরিচালনা করেছেন পিন্টু ঘোষ।
/এম/এমএম/