ভারতীয় চলচ্চিত্রে নিষেধাজ্ঞা তুলে নিল পাকিস্তান

ভারতীয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। প্রতীকী ছবি: বিবিসিসীমানাঘেরা জাতিরাষ্ট্রের অদৃশ্য কাঁটাতারে বেশ কিছুদিন পাকিস্তানে আটকে ছিল ভারতীয় চলচ্চিত্রের প্রদর্শনী। পাকিস্তানের হল মালিকদের জারি করা সেই স্থগিতাদেশ প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কাশ্মির প্রশ্নে দিল্লি-ইসলামাবাদ কূটনৈতিক টানাপোড়েনে পাকিস্তানের প্রেক্ষাগৃহে ভারতীয় চলচ্চিত্র প্রদর্শনে স্থগিতাদেশ জারি করেছিলেন হল মালিকরা। রবিবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এবং বিবিসি বিশ্বজনীন মাধ্যম হিসেবে  শিল্পের (চলচ্চিত্র) সীমানা অতিক্রমের খবর জানায়। তারা জানায়, ভারতীয় চলচ্চিত্রের ওপর আরোপ করা নিষেধাজ্ঞা তুলে নিতে সম্মত হয়েছে পাকিস্তানের অধিকাংশ সিনেমা হল কর্তৃপক্ষ। ভারতের টাইমস অব ইন্ডিয়া বলছে, এ মাসের ১৯ তারিখ থেকেই আবারও পাকিস্তানের বিভিন্ন প্রেক্ষাগৃহে ভারতীয় চলচ্চিত্র দেখার সুযোগ পাবেন পাকিস্তানের নাগরিকরা।
উল্লেখ্য, ১৮ সেপ্টেম্বর (রবিবার) ভোর সাড়ে পাঁচটার দিকে সশস্ত্র জঙ্গি হামলায় ১৭ সেনা সদস্য ও ৪ হামলাকারী নিহত হন। হামলার জন্য পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন জয়েশ-ই-মোহাম্মদকেই সন্দেহ করে ভারতীয় কর্তৃপক্ষ। তবে উরির হামলার দায় স্বীকার করে পাকিস্তানভিত্তিক আরেক জঙ্গি সংগঠন লস্কর ই তৈয়বা। এই অবস্থায় বাড়তে থাকে দুই দেশের কূটনৈতিক টানাপোড়েন। একপর্যায়ে মানবীয় অভিব্যক্তির বিশ্বজনীন মাধ্যম শিল্পের শরীরেও আঘাত হানে রাজনৈতিক ক্ষমতার দম্ভ। ভারতীয় কিছু চলচ্চিত্র নির্মাতা পাকিস্তানি তারকাদের বলিউডে কাজ করার ওপর নিষেধাজ্ঞা দেন। পাল্টা হিসাবে পাকিস্তানের হল মালিকরা বলিউডের সিনেমা প্রদর্শনে স্থগিতাদেশ জারি করে।
এবার পাকিস্তানের দিক থেকে আরোপ করা সেই নিষেধাজ্ঞা প্রত্যাহারের খবর জানা গেছে। বিভিন্ন সংবাদমাধ্যমসূত্রে জানা গেছে, বলিউডের চলচ্চিত্রের প্রদর্শনী বন্ধ করে দেওয়ায় পাকিস্তানি পরিবেশক ও হল মালিকেরা ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাই পাকিস্তানের চলচ্চিত্র পরিবেশক ও হল মালিকেরা  ১৯ ডিসেম্বর ( সোমবার) থেকে তাদের দেশে আবারও ভারতীয় চলচ্চিত্রের প্রদর্শনী শুরু করবেন।পাকিস্তানের থিয়েটারে চলতি সপ্তাহে ভারতীয় অভিনেতা ওম পুরি অভিনীত ছবির পোস্টার- দ্য ইন্ডিায়ান এক্সপ্রেস

পাকিস্তানের চলচ্চিত্র পরিদর্শক সমিতির চেয়ারম্যান জোরাইশ লাসারি বলেন, ‘চলচ্চিত্র শিল্পের মালিক এবং এর সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্যরা অস্থায়ীভাবে ভারতীয় চলচ্চিত্র প্রদর্শনে স্থগিতাদেশ দিয়েছিল। তবে বিপুল পরিমাণ অর্থ ব্যয়ে নির্মিত অথবা সংস্কারকৃত সিনেপ্লেক্স আর মাল্টিপ্লেক্সগুলো এবং এগুলোর সঙ্গে সংশ্লিষ্ট ব্যবসা সবসময়ই ভারতীয় চলচ্চিত্রের প্রদর্শনীর ওপর নির্ভরশীল।’  তিনি জানান,  সে কারণেই পাকিস্তানি পরিবেশক ও হল মালিকেরা ব্যবসায়িক ক্ষতি রুখতে ওই নিধেষাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে তারা।

পাকিস্তানের পরিদর্শক সমিতি পাকিস্তানে ভারতীয় চলচ্চিত্রের প্রদর্শনী বন্ধ থাকাকে নিষেধাজ্ঞা বলতে চান না। তারা বলছেন, আসলে ব্যক্তিগত সিদ্ধান্তে হল মালিকেরা স্বআরোপিত স্থগিতাদেশ জারি করে রেখেছিল। এটা ঠিক নিষেধাজ্ঞা না।

পাকিস্তান প্রথম ভারতীয় চলচ্চিত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা জারি করে ১৯৬৫ সালে, ভারত-পাকিস্তান যুদ্ধের জের ধরে। ওই নিষেধাজ্ঞা ২০০৮ সালে প্রত্যাহার করে নেয় পাকিস্তান। উরির হামলার প্রেক্ষাপটে পাকিস্তানে ভারতীয় চলচ্চিত্র প্রদর্শনের সাম্প্রতিক নিষেধাজ্ঞা কিংবা স্থগিতাদের উঠে যাওয়ার খবরে তাই পাকিস্তানবাসী আনন্দিত।ভারতীয় ছবির কোলাজ

সূত্র: বিবিসি, রয়টার্স, টাইমস অব ইন্ডিয়া

/বিএ/এম/