ইতোমধ্যে সিবিএফসি সদস্যদের শ্রদ্ধা আদায় করে নিয়েছেন বিদ্যা। সিদ্ধার্থ রয় কাপুর প্রযোজিত কিংবা আদিত্য রয় কাপুর ও কুনাল রয় কাপুর অভিনীত ছবিগুলোর সেন্সর প্রদর্শনী চলাকালীন না থাকার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। কারণ তারা তিনজনই তার আত্মীয়।
বিদ্যার স্বামী সিদ্ধার্থ রয় কাপুর বলিউডের নামজাদা প্রযোজক। তার দুই দেবরের মধ্যে আদিত্য রয় কাপুর তো ‘আশিকি টু’র সুবাদে তুমুল জনপ্রিয়। আরেক দেবর কুনাল রয় কাপুরের জনপ্রিয় ছবি আমির খান প্রযোজিত ‘দিল্লি বেলি’। রয় কাপুর পরিবারের তিন ভাই নিয়মিত কাজ করছেন।
কিন্তু বোর্ড সদস্যদের মধ্যে পরিবারের কেউ থাকলে তার স্বজনদের ছবিকে ছাড় দেওয়া হয়েছে এমন সমালোচনার মুখে পড়তে পারে সিবিএফসি। সেজন্যই বিদ্যার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বোর্ড সদস্যরা।
চেয়ারম্যান পদ থেকে পেহলাজ নিহালানিকে সরে দাঁড়াতে বলার পর সিবিএফসি’র নতুন চেয়ারম্যান হন গীতিকার প্রসূন জোশি। পুনর্গঠিত বোর্ডে বিদ্যার পাশাপাশি সদস্য হিসেবে আরও আছেন বিবেক অগ্নিহোত্রী, গৌতমি তাড়িমাল্লা, নরেন্দ্র কোহলি, নরেশ চন্দ্র লাল, নীল হার্বার্ট নঙ্কাইনরি, বামান কেন্দ্রে, টি এস নাগভারানা, রমেশ পাতাঙ্গে, বাণী ত্রিপঠি টিকু, জীবিতা রাজাশেখর ও মিহির ভুটা।
এদিকে বিদ্যার নতুন ছবি ‘তুমহারি সুলু’ মুক্তি পাবে আগামী ২৪ নভেম্বর। এতে তাকে দেখা যাবে সাধারণ গৃহিণী থেকে রেডিও জকি হয়ে ওঠা নারীর চরিত্রে। সুরেশ ত্রিবেণির পরিচালনায় ছবিটিতে আরও আছেন মানব কৌল ও নেহা ধুপিয়া।
সূত্র: বলিউড হাঙ্গামা