মুক্তিযুদ্ধ আর বিজয়ের আবহে ‘পরিবর্তন’

1ডিসেম্বর মাস। বিজয়ের মাস। মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধের চেতনা আর দেশাত্মবোধকে প্রাধান্য দিয়ে তৈরি হয়েছে এবারের ‘পরিবর্তন’ পর্ব। এ ছাড়াও ভুয়া মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত ও অসচ্ছল মুক্তিযোদ্ধাদের প্রতি দায়িত্ব ও কর্তব্যের বিষয়গুলো উঠে এসেছে এবারের আয়োজনে। সঙ্গে দেশাত্মবোধক গানের চমক তো থাকছেই। এমনটাই জানালেন অনুষ্ঠানটির উপস্থাপক আনজাম মাসুদ।
বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত বিনোদনমূলক এই ম্যাগাজিন অনুষ্ঠানটির ১৯তম পর্ব প্রচার হবে আজ, ১৭ ডিসেম্বর রাত ১০টার ইংরেজি সংবাদের পর। সদ্য প্রয়াত জনপ্রিয় টিভি ব্যক্তিত্ব-মেয়র আনিসুল হক ও জনপ্রিয় বংশীবাদক-সংগীতশিল্পী বারী সিদ্দিকী এবং বীর মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে এবারের পর্বের কার্যক্রম শুরু হবে।
2এবারের পর্বের জন্য তৈরি করা হয়েছে নতুন ২টি দেশাত্মবোধক গান। জাহিদ আকবরের কথায় সুজন আরিফের সুরে দীর্ঘ ১৫ বছর পর কোনও ম্যাগাজিন অনুষ্ঠানের জন্য গান গাইলেন তপন চৌধুরী। দেশের অপরূপ সৌন্দর্যই এই গানটির কথায় ফুটে উঠেছে।
দেলোয়ার আরজুদা শরফের কথায় ‘বাংলাদেশের মেয়ে’ শিরোনামে আরেকটি দেশাত্মবোধক গান গাইবেন এ প্রজন্মের ৪জন কণ্ঠশিল্পী ঝিলিক, নাজু আখন্দ, লুইপা এবং লুবনা লিমি। গানটির সুর-সংগীত পরিচালনা করেছেন সুজন আরিফ।
অন্যদিকে বারী সিদ্দিকী স্মরণে তারই গাওয়া ‘আমি একটা জিন্দা লাশ’ নতুন সংগীতায়োজনে কণ্ঠ দিয়েছেন নোলক বাবু ও পুলক অধিকারী। সংগীতায়োজন করেছেন জাহিদ বাশার পংকজ।
5এদিকে দেশাত্মবোধক একটি পুরনো গানের সঙ্গে ইভান শাহরিয়ার সোহাগের কোরিওগ্রাফিতে ২০জন সহশিল্পীদের নিয়ে নৃত্য পরিবেশন করবেন সাবিলা নূর ও আসাদ খান।
এছাড়াও ‘পরিবর্তন’ এর নিয়মিত পর্বে সমাজের সম সাময়িক ঘটনাবলি, নানা অসংগতি নিয়ে ব্যঙ্গাত্মক বিভিন্ন নাট্যাংশে অভিনয় করেছেন- দিলু খান, মামুনুল হক টুটু, আফরোজা হাসান, আশরাফ কবির, বিনয় ভদ্র, মাসুদ রানা মিঠু, তমাল মাহবুব, হায়দার আলী, বি এম আজাদ, মনা সিদ্দিক হৃদয়, উত্তম, ফারুক মল্লিক, সৈয়দ আল মামুন, নূর-এ আলম নয়ন, জাহাঙ্গীর আলম, শিউলী শিলা, শ্যামলী, টুটুল চৌধুরী, বুলবুল ভূঁইয়া, আনোয়ার, আল আমিন, সুমন, ছোট লিটন, রুহুল আমিন প্রমুখ।
সাহরিয়ার মোহাম্মদ হাসানের প্রযোজনায় ‘পরিবর্তন’ এর পরিকল্পনা, গ্রন্থনা, উপস্থাপনা ও নির্দেশনা দিয়েছেন আনজাম মাসুদ।4