তবে এবার সেই অভাব কাটছে। অনুপম আবারও গান বাঁধলেন বাংলাদেশের চলচ্চিত্রে। চঞ্চল চৌধুরী-জয়া আহসানের ‘দেবী’র জন্য তিনি গাইলেন ‘দু মুঠো বিকেল’ শিরোনামে একটি গান। যথারীতি কথা-সুর তৈরি করেছেন নিজেই। সঙ্গে এটুকুও জানালেন, বন্ধু জয়া আহসানের অনুরোধেই তিনি গানটা করেছেন!
কাব্যময় কথার গানটির শুরুটা এমন—ক্রমশ এ গল্পে আরও পাতা জুড়ে নিচ্ছি/ দু’মুঠো বিকেল যদি চাও ছুড়ে দিচ্ছি/ আরও কিছুক্ষণ যোগাযোগ ধরে রাখছি/ আঙুলে আঙুল যেন ভুল করে ডাকছি/ এ ছেলেমানুষি তুলি দিয়ে আঁকছি।
ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান সি-তে সিনেমা সূত্র জানায়, অনুপমের এ গানের দৃশ্যায়নে দেখা যাবে ‘দেবী’ চলচ্চিত্রের রানু (জয়া আহসান) এবং আনিসকে (অনিমেষ আইচ)।
আজ, ১৬ সেপ্টেম্বর এক ভিডিও বার্তায় অনুপম জানান, ‘‘আমার খুব প্রিয় একজন লেখক হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে ‘দেবী’ নির্মিত হয়েছে। খুব স্বাভাবিকভাবেই আমার আগ্রহ রয়েছে এই চলচ্চিত্রের প্রতি। পাশাপাশি এ ছবির প্রযোজক জয়া আহসানও আমার খুব প্রিয় একজন বন্ধু। জয়া যখন আমাকে এই চলচ্চিত্রের জন্য একটি গান করার অনুরোধ জানায়, আমি সঙ্গে সঙ্গে রাজি হয়ে যাই। আমি যে আমার সিদ্ধান্তে ভুল করিনি, তা এই গানের দৃশ্যায়ন এবং ছবির টিজার দেখেই বুঝতে পেরেছি।’’
জানা গেছে, অনম বিশ্বাস পরিচালিত, সরকারি অনুদান ও জয়া আহসানের ‘সি-তে সিনেমা’ প্রযোজনা সংস্থা প্রযোজিত ‘দেবী’র এই গানটি কাল (১৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় পরিবেশনা সংস্থা জাজ মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে অবমুক্ত হবে। পাশাপাশি ফেসবুকে জয়া আহসানের ভ্যারিফায়েড ফ্যান পেইজ এবং দেবী-মিসির আলি প্রথমবার পেইজেও দেখা যাবে গানটি।
‘দেবী’ চলচ্চিত্রে জয়া আহসান, অনিমেষ আইচ ছাড়াও অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, ইরেশ যাকের, শবনম ফারিয়া প্রমুখ।
এটি হচ্ছে হুমায়ূন আহমেদের অনবদ্য সৃষ্টি মিসির আলিকে নিয়ে প্রথম কোনও চলচ্চিত্র। এই চরিত্রে অভিনয় করছেন চঞ্চল চৌধুরী। ছবিটি মুক্তি পাচ্ছে অক্টোবরের কোনও এক শুক্রবারে।
ছবিটির টিজার: