‘ওয়াইএলপি’ চ্যাম্পিয়ন হলেন রুম্মন

YLPইয়াং লিডার্স প্রোগ্রাম (ওয়াইএলপি), সিজন-৫ চ্যাম্পিয়ন হয়েছেন আবদুল্লাহ আল রুম্মন। দ্বিতীয় হয়েছেন নাফিসা নওশিন আহমেদ এবং তৃতীয় হয়েছেন ফারহান আজিজ চৌধুরী।
চতুর্থ ও পঞ্চম হয়েছেন যথাক্রমে নাদিয়া শারমিন ও মারজানা মনিফা। তারা সবাই আয়োজক প্রতিষ্ঠানের পক্ষ থেকে স্কলারশিপের মাধ্যমে যুক্তরাজ্য ও মালয়েশিয়ার নামকরা বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স করতে যাবেন।
৬ অক্টোবর চ্যানেল আই ভবনে এক অনুষ্ঠানের মাধ্যমে তাদের নাম ঘোষণা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা মন্ত্রণালয়ের সচিব সোহরাব হোসাইন, চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, ইনসেপটা ফার্মাসিউটিক্যালস্ লি. এর চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক এবং এ প্রতিযোগিতার প্রধান বিচারক আবদুল মুক্তাদির, সহযোগী বিচারক তাসলিম আহমেদসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিসি ও কর্পোরেট ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানটি সম্পর্কে ফরিদুর রেজা সাগর বলেন, ‘আমরা চাই দেশের মেধাবী ছেলে-মেয়েরা বিশ্বদরবারে তুলে ধরবে বাংলাদেশকে। তারা ফিরে এসে এ দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।’
ধারণকৃত অনুষ্ঠানটি চ্যানেল আইতে শিগগিরই সম্প্রচার হবে বলে জানা গেছে। এ অনুষ্ঠানের সহযোগী হিসেবে আছে বাংলাদেশ শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। পাওয়ার্ড বাই ইনসেপটা ফার্মাসিউটিক্যালস্ লি.। গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন ফারজানা ব্রাউনিয়া। প্রতিযোগিতাটি পরিচালনা করেন সেহাঙ্গল বিপ্লব, গোলাম হাবিব লিটু ও রেহানা সামদানী।